এই পৃষ্ঠা শুনুন — সূরা আন-নিসা

১০৫

১৭১হে কিতাবধারীগণ, তোমরা নিজেদের দ্বীনের ব্যাপারে সীমালঙ্ঘন কোরো না, আর আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া কিছু বোলো না। মারিয়াম-তনয় মাসীহ ঈসা কেবল আল্লাহর রাসূল এবং তাঁর একটি বাণী, যা তিনি মারিয়ামের কাছে পাঠিয়েছিলেন, আর তাঁর পক্ষ থেকে আগত একটি রূহ। অতএব তোমরা আল্লাহ ও তাঁর রাসূলগণের প্রতি ঈমান আনো, আর বোলো না, তিন (ইলাহ)। বিরত থাকো, এটা তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ তো কেবল একক ইলাহ; তিনি এর ঊর্ধ্বে যে, তাঁর কোনো সন্তান থাকবে। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর; আর কর্মবিধায়করূপে আল্লাহই যথেষ্ট।

১৭২মাসীহ কখনো আল্লাহর বান্দা হতে অস্বীকার করবেন না, আর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারাও নয়। আর যে তাঁর ইবাদত করতে অস্বীকার করে এবং অহংকার করে, শীঘ্রই তিনি তাদের সবাইকে নিজের কাছে সমবেত করবেন।

১৭৩অতঃপর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তিনি তাদের পূর্ণ প্রতিদান দেবেন এবং নিজ অনুগ্রহ থেকে আরও বৃদ্ধি করে দেবেন। আর যারা অস্বীকার করেছে ও অহংকার করেছে, তিনি তাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন, আর তারা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের জন্য কোনো বন্ধু বা সাহায্যকারী পাবে না।

১৭৪হে মানুষ, নিশ্চয় তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ এসেছে, আর আমি তোমাদের প্রতি সুস্পষ্ট আলো অবতীর্ণ করেছি।

১৭৫অতঃপর যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তাঁকে দৃঢ়ভাবে অবলম্বন করেছে, তিনি শীঘ্রই তাদের নিজ রহমত ও অনুগ্রহে প্রবেশ করাবেন এবং তাঁর দিকে সরল পথে হিদায়াত দেবেন।

পৃষ্ঠা ১০৫ / ৬০৪