এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-মায়েদা

১১৮

৫৮আর যখন তোমরা নামাযের জন্য আহ্বান কর, তখন তারা তা বিদ্রূপ ও খেলার বিষয় বানিয়ে নেয়। এটা এ কারণে যে, তারা এমন এক জাতি যারা বুঝে না।

৫৯বল, হে আহলে কিতাব, তোমরা কি আমাদের প্রতি বিদ্বেষ পোষণ কর কেবল এ কারণে যে, আমরা আল্লাহর প্রতি, আমাদের প্রতি অবতীর্ণ বিষয়ে এবং পূর্বে অবতীর্ণ বিষয়ে ঈমান এনেছি, আর তোমাদের অধিকাংশই পাপাচারী?

৬০বল, আমি কি তোমাদের জানাব, আল্লাহর কাছে এর চেয়েও নিকৃষ্ট প্রতিফল কার? যাকে আল্লাহ অভিশাপ দিয়েছেন, যার প্রতি তিনি ক্রুদ্ধ হয়েছেন এবং যাদের মধ্য থেকে কাউকে বানর ও শূকরে পরিণত করেছেন, আর যারা তাগুতের পূজা করেছে। তারাই অবস্থানে নিকৃষ্টতর এবং সরল পথ থেকে অধিকতর বিভ্রান্ত।

৬১যখন তারা তোমাদের কাছে আসে, তখন বলে, আমরা ঈমান এনেছি, অথচ তারা কুফরি নিয়েই প্রবেশ করেছিল আর কুফরি নিয়েই বের হয়ে গেছে। তারা যা গোপন রাখত সে সম্পর্কে আল্লাহ সবচেয়ে ভালো জানেন।

৬২তুমি তাদের অনেককে দেখবে পাপ, সীমালঙ্ঘন ও হারাম ভক্ষণের দিকে দ্রুত ধাবিত হতে। তারা যা করত তা কতই না নিকৃষ্ট!

৬৩রব্বানী ও পণ্ডিতরা কেন তাদের পাপকথা বলা ও হারাম ভক্ষণ থেকে নিষেধ করে না? তারা যা করত তা কতই না নিকৃষ্ট!

৬৪ইহুদিরা বলে, আল্লাহর হাত বদ্ধ। তাদের হাতই বদ্ধ হোক, আর তারা যা বলেছে তার জন্য তারা অভিশপ্ত হয়েছে। বরং তাঁর উভয় হাত উন্মুক্ত, তিনি যেভাবে চান ব্যয় করেন। তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা তাদের অনেকের অবাধ্যতা ও কুফরি আরও বৃদ্ধি করবে। আর আমি তাদের মধ্যে কিয়ামত পর্যন্ত শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে দিয়েছি। যখনই তারা যুদ্ধের আগুন প্রজ্বলিত করে, আল্লাহ তা নিভিয়ে দেন। তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির চেষ্টা করে। আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের ভালোবাসেন না।

পৃষ্ঠা ১১৮ / ৬০৪