এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-আনআম

১৩৪

৫৩আর এভাবেই আমি তাদের একজনকে অন্যজনের মাধ্যমে পরীক্ষা করেছি, যাতে তারা বলে, এদের ওপরই কি আল্লাহ আমাদের মধ্য থেকে অনুগ্রহ করেছেন? আল্লাহ কি কৃতজ্ঞদের সম্পর্কে সবচেয়ে ভালো জানেন না?

৫৪আর যখন তোমার কাছে তারা আসে যারা আমার আয়াতসমূহে বিশ্বাস করে, তখন বল, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমাদের প্রতিপালক নিজের ওপর দয়া অবধারিত করে নিয়েছেন, যে, তোমাদের মধ্যে কেউ অজ্ঞতাবশত মন্দ কাজ করলে, তারপর তওবা করলে ও সংশোধন করলে, নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।

৫৫আর এভাবেই আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি, যাতে অপরাধীদের পথ স্পষ্ট হয়ে যায়।

৫৬বল, আমি নিষিদ্ধ হয়েছি আল্লাহ ব্যতীত তোমরা যাদের ডাক তাদের ইবাদত করতে। বল, আমি তোমাদের প্রবৃত্তির অনুসরণ করি না, তা করলে আমি অবশ্যই বিভ্রান্ত হয়ে যাব এবং হিদায়াতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না।

৫৭বল, আমি আমার প্রতিপালকের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণের ওপর প্রতিষ্ঠিত, অথচ তোমরা তা মিথ্যা প্রতিপন্ন করেছ। তোমরা যা তাড়াতাড়ি চাও তা আমার কাছে নেই। বিধান কেবল আল্লাহরই, তিনি সত্য বর্ণনা করেন, আর তিনিই শ্রেষ্ঠ ফয়সালাকারী।

৫৮বল, তোমরা যা তাড়াতাড়ি চাও তা যদি আমার কাছে থাকত, তবে আমার ও তোমাদের মধ্যে বিষয়টির ফয়সালা হয়ে যেত। আর আল্লাহ জালিমদের সম্পর্কে সবচেয়ে ভালো জানেন।

৫৯আর অদৃশ্যের চাবিসমূহ তাঁরই কাছে, তিনি ছাড়া তা কেউ জানে না। আর তিনি জানেন স্থলে ও জলে যা কিছু আছে। কোনো পাতা ঝরে না যা তিনি জানেন না, আর মাটির অন্ধকারে কোনো শস্যকণাও নেই, আর কোনো আর্দ্র বা শুষ্ক বস্তুও নেই যা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই।

পৃষ্ঠা ১৩৪ / ৬০৪