এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-আনআম

১৩৭

৭৪আর স্মরণ কর, যখন ইব্রাহিম তার পিতা আযরকে বলেছিলেন, তুমি কি মূর্তিদের ইলাহরূপে গ্রহণ করছ? নিশ্চয় আমি তোমাকে ও তোমার জাতিকে স্পষ্ট বিভ্রান্তিতে দেখছি।

৭৫আর এভাবেই আমি ইব্রাহিমকে আসমান ও জমিনের রাজত্ব দেখিয়েছিলাম, যাতে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়।

৭৬যখন রাত তার ওপর ঘনিয়ে এলো, তখন সে একটি তারা দেখল, বলল, এটাই আমার প্রতিপালক। তারপর যখন তা অস্ত গেল, তখন সে বলল, আমি অস্তগামীদের ভালোবাসি না।

৭৭তারপর যখন সে চাঁদকে উদিত হতে দেখল, তখন বলল, এটাই আমার প্রতিপালক। তারপর যখন তা অস্ত গেল, তখন সে বলল, আমার প্রতিপালক যদি আমাকে হিদায়াত না দেন, তবে আমি অবশ্যই বিভ্রান্ত জাতির অন্তর্ভুক্ত হব।

৭৮তারপর যখন সে সূর্যকে উদিত হতে দেখল, তখন বলল, এটাই আমার প্রতিপালক, এটাই সবচেয়ে বড়। তারপর যখন তা অস্ত গেল, তখন সে বলল, হে আমার জাতি, তোমরা যাকে শরিক কর তা থেকে আমি নিঃসম্পর্ক।

৭৯নিশ্চয় আমি একনিষ্ঠভাবে আমার মুখ সেই সত্তার দিকে ফিরিয়েছি যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।

৮০আর তার জাতি তার সাথে বিতর্ক করল। সে বলল, তোমরা কি আল্লাহ সম্পর্কে আমার সাথে বিতর্ক করছ, অথচ তিনি আমাকে হিদায়াত দিয়েছেন? আর তোমরা যাকে তাঁর সাথে শরিক কর তার আমি ভয় করি না, তবে আমার প্রতিপালক যদি কিছু চান তা ভিন্ন কথা। আমার প্রতিপালকের জ্ঞান সবকিছু পরিব্যাপ্ত করে আছে। তবুও কি তোমরা স্মরণ কর না?

৮১আর কীভাবে আমি তোমাদের শরিক করাকে ভয় করব, অথচ তোমরা এই বিষয়টিকে ভয় কর না যে, তোমরা আল্লাহর সাথে এমন কিছু শরিক করেছ যার সমর্থনে তিনি তোমাদের কাছে কোনো প্রমাণ অবতীর্ণ করেননি? সুতরাং দুই দলের মধ্যে কোন দল নিরাপত্তার অধিক যোগ্য, যদি তোমরা জান?

পৃষ্ঠা ১৩৭ / ৬০৪