এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-বাকারা

১৪

৮৯আর যখন আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে এমন এক কিতাব এলো যা তাদের কাছে যা আছে তার সত্যায়নকারী, অথচ ইতিপূর্বে তারা কাফিরদের বিরুদ্ধে বিজয় প্রার্থনা করত—অতঃপর যখন তাদের কাছে এমন কিছু এলো যা তারা চিনতে পারল, তখন তারা তা অস্বীকার করল। অতএব কাফিরদের ওপর আল্লাহর অভিশাপ।

৯০কতই না নিকৃষ্ট, যার বিনিময়ে তারা নিজেদের বিক্রি করল—এই যে, তারা আল্লাহর অবতীর্ণ বিষয় অস্বীকার করল, এই হিংসাবশত যে, আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার প্রতি নিজ অনুগ্রহ অবতীর্ণ করেন। ফলে তারা ক্রোধের ওপর ক্রোধ নিয়ে ফিরল; আর কাফিরদের জন্য আছে অপমানজনক শাস্তি।

৯১আর যখন তাদের বলা হয়, আল্লাহর অবতীর্ণ বিষয়ের প্রতি ঈমান আনো, তখন তারা বলে, আমরা যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে তার প্রতি ঈমান রাখি, আর তারা এর বাইরের বিষয় অস্বীকার করে, অথচ তা সত্য এবং তাদের কাছে যা আছে তার সত্যায়নকারী। বলো, তবে ইতিপূর্বে তোমরা আল্লাহর নবীগণকে কেন হত্যা করেছিলে, যদি তোমরা মুমিন হয়ে থাকো?

৯২আর নিশ্চয় মূসা তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিলেন, অতঃপর তোমরা তার অনুপস্থিতিতে গোবৎসকে (উপাস্যরূপে) গ্রহণ করেছিলে, আর তোমরা ছিলে জালিম।

৯৩আর স্মরণ করো, যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তোমাদের ওপর তূর পর্বত উত্তোলন করেছিলাম, (বলেছিলাম,) আমি তোমাদের যা দিয়েছি তা দৃঢ়ভাবে গ্রহণ করো এবং শোনো। তারা বলল, আমরা শুনলাম এবং অমান্য করলাম। আর তাদের কুফরির কারণে তাদের অন্তরে গোবৎসের প্রেম মিশিয়ে দেওয়া হয়েছিল। বলো, যদি তোমরা মুমিন হয়ে থাকো, তবে তোমাদের ঈমান তোমাদের যে কাজের নির্দেশ দিচ্ছে তা কতই না নিকৃষ্ট।

পৃষ্ঠা ১৪ / ৬০৪