১৫
৯৪বলো, যদি আল্লাহর কাছে আখিরাতের আবাস অন্য মানুষদের বাদ দিয়ে বিশেষভাবে তোমাদেরই জন্য নির্ধারিত হয়ে থাকে, তবে তোমরা মৃত্যু কামনা করো, যদি তোমরা সত্যবাদী হও।
৯৫কিন্তু তারা কখনো তা কামনা করবে না, তাদের নিজ হাতের কৃতকর্মের কারণে; আর আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক জ্ঞাত।
৯৬আর তুমি অবশ্যই তাদের জীবনের প্রতি সবচেয়ে লোভী মানুষরূপে দেখবে, এমনকি মুশরিকদের চেয়েও বেশি। তাদের প্রত্যেকে কামনা করে যেন তাকে হাজার বছর আয়ু দেওয়া হয়, অথচ দীর্ঘ আয়ু তাকে শাস্তি থেকে দূরে সরাতে পারবে না; আর তারা যা করে আল্লাহ তা সম্যক দেখেন।
৯৭বলো, যে জিবরাঈলের শত্রু, (সে জেনে রাখুক) তিনি তো আল্লাহর অনুমতিক্রমে এই কুরআন তোমার অন্তরে অবতীর্ণ করেছেন, যা তার পূর্ববর্তী কিতাবগুলোর সত্যায়নকারী এবং মুমিনদের জন্য পথনির্দেশ ও সুসংবাদ।
৯৮যে আল্লাহর, তাঁর ফেরেশতাগণের, তাঁর রাসূলগণের এবং জিবরাঈল ও মিকাঈলের শত্রু, তবে নিশ্চয় আল্লাহও কাফিরদের শত্রু।
৯৯আর নিশ্চয় আমি তোমার প্রতি সুস্পষ্ট নিদর্শনাবলি অবতীর্ণ করেছি, আর ফাসিকরা ছাড়া কেউ তা অস্বীকার করে না।
১০০যখনই তারা কোনো অঙ্গীকার করে, তখনই কি তাদের একদল তা ছুড়ে ফেলে দেয়? বরং তাদের অধিকাংশই ঈমান আনে না।
১০১আর যখন আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে এমন এক রাসূল এলেন, যিনি তাদের কাছে যা আছে তার সত্যায়নকারী, তখন কিতাবধারীদের একদল আল্লাহর কিতাবকে নিজেদের পিঠের পিছনে ছুড়ে ফেলে দিল, যেন তারা কিছুই জানে না।
পৃষ্ঠা ১৫ / ৬০৪