১৬৮
১৪৪তিনি বললেন, হে মূসা, নিশ্চয় আমি তোমাকে আমার বার্তা ও আমার কথোপকথনের মাধ্যমে মানুষের ওপর মনোনীত করেছি। সুতরাং আমি তোমাকে যা দিয়েছি তা গ্রহণ কর এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হও।
১৪৫আর আমি তার জন্য ফলকসমূহে সবকিছুর উপদেশ ও প্রতিটি বিষয়ের বিস্তারিত বিবরণ লিখে দিলাম। সুতরাং তা দৃঢ়ভাবে গ্রহণ কর এবং তোমার জাতিকে আদেশ দাও যেন তারা এর উত্তমগুলো গ্রহণ করে। শীঘ্রই আমি তোমাদের পাপাচারীদের আবাস দেখাব।
১৪৬শীঘ্রই আমি আমার আয়াতসমূহ থেকে তাদের ফিরিয়ে দেব যারা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করে। আর তারা প্রতিটি নিদর্শন দেখলেও তাতে বিশ্বাস করবে না, আর তারা সঠিক পথ দেখলেও তা পথরূপে গ্রহণ করবে না, আর বিভ্রান্তির পথ দেখলে তা পথরূপে গ্রহণ করবে। এটা এ কারণে যে, তারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং তা থেকে গাফেল ছিল।
১৪৭আর যারা আমার আয়াতসমূহ এবং আখিরাতের সাক্ষাৎকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের কর্মসমূহ নিষ্ফল হয়ে গেছে। তারা কেবল তাই প্রতিফল পাবে যা তারা করত।
১৪৮আর মূসার জাতি তার অনুপস্থিতিতে তাদের অলংকার দিয়ে এক বাছুরের মূর্তি তৈরি করল, যার একটি হাম্বা রব ছিল। তারা কি দেখেনি যে, এটা তাদের সাথে কথা বলে না এবং তাদের কোনো পথও দেখায় না? তারা এটাকে গ্রহণ করল এবং জালিম হয়ে গেল।
১৪৯আর যখন তারা অনুতপ্ত হলো এবং দেখল যে তারা বিভ্রান্ত হয়েছে, তখন তারা বলল, আমাদের প্রতিপালক যদি আমাদের প্রতি দয়া না করেন এবং আমাদের ক্ষমা না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব।
পৃষ্ঠা ১৬৮ / ৬০৪