১৬৯
১৫০আর যখন মূসা ক্রুদ্ধ ও দুঃখিত অবস্থায় তার জাতির কাছে ফিরে এলো, তখন সে বলল, আমার অনুপস্থিতিতে তোমরা কতই না নিকৃষ্ট কাজ করেছ। তোমরা কি তোমাদের প্রতিপালকের নির্দেশের ব্যাপারে তাড়াহুড়া করেছিলে? আর সে ফলকগুলো ফেলে দিল এবং তার ভাইয়ের মাথার চুল ধরে তাকে নিজের দিকে টানল। সে বলল, হে আমার মায়ের পুত্র, নিশ্চয় এই জাতি আমাকে দুর্বল মনে করেছিল এবং আমাকে প্রায় হত্যাই করে ফেলছিল, সুতরাং শত্রুদের আমার ওপর আনন্দিত হতে দিয়ো না এবং আমাকে জালিম জাতির সাথে গণ্য কোরো না।
১৫১সে বলল, হে আমার প্রতিপালক, আমাকে ও আমার ভাইকে ক্ষমা কর এবং আমাদের তোমার রহমতে প্রবেশ করাও, আর তুমিই সর্বশ্রেষ্ঠ দয়ালু।
১৫২নিশ্চয় যারা বাছুরকে গ্রহণ করেছে শীঘ্রই তাদের ওপর তাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্রোধ এবং দুনিয়ার জীবনে লাঞ্ছনা আপতিত হবে। আর এভাবেই আমি মিথ্যা রচনাকারীদের প্রতিফল দিয়ে থাকি।
১৫৩আর যারা মন্দকর্ম করেছে, তারপর এর পর তওবা করেছে এবং বিশ্বাস স্থাপন করেছে, নিশ্চয় তোমার প্রতিপালক এর পরও ক্ষমাশীল, পরম দয়ালু।
১৫৪আর যখন মূসার ক্রোধ প্রশমিত হলো, তখন সে ফলকগুলো তুলে নিল। আর তার লিখনে ছিল হিদায়াত ও রহমত তাদের জন্য যারা তাদের প্রতিপালককে ভয় করে।
১৫৫আর মূসা তার জাতি থেকে সত্তরজন লোক আমার নির্ধারিত সময়ের জন্য মনোনীত করল। অতঃপর যখন তাদের ভূমিকম্প পাকড়াও করল, তখন সে বলল, হে আমার প্রতিপালক, তুমি ইচ্ছা করলে আগেই তাদের ও আমাকে ধ্বংস করতে পারতে। আমাদের মধ্যকার মূর্খরা যা করেছে তার জন্য কি তুমি আমাদের ধ্বংস করবে? এটা কেবল তোমার পরীক্ষা, এর মাধ্যমে তুমি যাকে চাও বিভ্রান্ত কর এবং যাকে চাও হিদায়াত দাও। তুমিই আমাদের অভিভাবক, সুতরাং আমাদের ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর, আর তুমিই শ্রেষ্ঠ ক্ষমাশীল।
পৃষ্ঠা ১৬৯ / ৬০৪