এই পৃষ্ঠা শুনুন — সূরা আত-তাওবা

২০২

৯৪তোমরা যখন তাদের কাছে ফিরে যাবে, তখন তারা তোমাদের কাছে অজুহাত পেশ করবে। বলো, তোমরা অজুহাত দিও না, আমরা তোমাদের কখনো বিশ্বাস করব না। আল্লাহ আমাদের তোমাদের সংবাদ জানিয়ে দিয়েছেন। আর আল্লাহ ও তাঁর রাসূল তোমাদের কর্ম শীঘ্রই দেখবেন, তারপর তোমাদের অদৃশ্য ও প্রকাশ্যের জ্ঞানীর কাছে ফিরিয়ে নেওয়া হবে, তখন তিনি তোমাদের জানিয়ে দেবেন তোমরা যা করতে।

৯৫তোমরা যখন তাদের কাছে ফিরে যাবে, তখন তারা তোমাদের সামনে আল্লাহর নামে শপথ করবে, যাতে তোমরা তাদের ব্যাপারে মুখ ফিরিয়ে নাও। সুতরাং তোমরা তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, নিশ্চয় তারা অপবিত্র, আর তাদের আবাসস্থল জাহান্নাম, তাদের কৃতকর্মের প্রতিফলস্বরূপ।

৯৬তারা তোমাদের কাছে শপথ করে, যাতে তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হও। কিন্তু যদি তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হও, তবুও নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারী সম্প্রদায়ের প্রতি সন্তুষ্ট হন না।

৯৭মরুবাসী আরবরা কুফর ও মুনাফিকীতে অধিক কঠোর, আর আল্লাহ তাঁর রাসূলের ওপর যা নাযিল করেছেন তার সীমারেখা না জানার জন্য তারাই অধিক উপযুক্ত। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

৯৮মরুবাসী আরবদের মধ্যে কেউ কেউ তাদের ব্যয়কে জরিমানা মনে করে এবং তোমাদের ওপর বিপদের অপেক্ষায় থাকে। তাদের ওপরই বর্তাবে মন্দ বিপদ। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

৯৯আর মরুবাসী আরবদের মধ্যে কেউ কেউ আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে এবং তাদের ব্যয়কে আল্লাহর নৈকট্য লাভ ও রাসূলের দোয়া লাভের উপায় মনে করে। জেনে রাখো, এটা সত্যিই তাদের জন্য নৈকট্য লাভের উপায়। আল্লাহ শীঘ্রই তাদের তাঁর করুণার মধ্যে প্রবেশ করাবেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।

পৃষ্ঠা ২০২ / ৬০৪