এই পৃষ্ঠা শুনুন — সূরা হুদ

২৩৫

১১৮আর তোমার প্রতিপালক চাইলে সব মানুষকে এক জাতি করে দিতে পারতেন; কিন্তু তারা মতভেদ করতেই থাকবে।

১১৯তবে যাদের প্রতি তোমার প্রতিপালক দয়া করেন তারা ব্যতীত; আর এ জন্যই তিনি তাদের সৃষ্টি করেছেন। আর তোমার প্রতিপালকের এই বাণী পূর্ণ হয়ে গেছে যে, আমি জিন ও মানুষ উভয় থেকেই জাহান্নামকে পরিপূর্ণ করব।

১২০আর রাসূলদের এসব সংবাদ থেকে আমি তোমার কাছে যা বর্ণনা করছি, তা দিয়ে আমি তোমার হৃদয়কে দৃঢ় করি; আর এতে তোমার কাছে এসেছে সত্য, আর মুমিনদের জন্য উপদেশ ও স্মরণিকা।

১২১আর যারা বিশ্বাস করে না তাদের বলো, তোমরা তোমাদের নিজ অবস্থানে কাজ করে যাও, আমরাও কাজ করছি।

১২২আর অপেক্ষা করো, আমরাও অপেক্ষা করছি।

১২৩আর আকাশমণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য জ্ঞান আল্লাহরই, আর সব বিষয়ই তাঁরই দিকে প্রত্যাবর্তিত হয়; কাজেই তাঁরই ইবাদত করো আর তাঁরই ওপর ভরসা করো। আর তোমরা যা করো সে বিষয়ে তোমার প্রতিপালক অনবহিত নন।

সূরা ইউসুফ

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

১আলিফ-লাম-রা। এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।

২আমি এটি আরবি ভাষায় কুরআনরূপে অবতীর্ণ করেছি, যাতে তোমরা বুঝতে পার।

৩আমি তোমার কাছে এই কুরআন ওহী করে সর্বোত্তম কাহিনী বর্ণনা করছি, যদিও এর আগে তুমি এ ব্যাপারে অনবহিতদের অন্তর্ভুক্ত ছিলে।

৪যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি স্বপ্নে এগারোটি নক্ষত্র, সূর্য ও চন্দ্র দেখেছি; আমি দেখেছি তারা আমাকে সিজদা করছে।

পৃষ্ঠা ২৩৫ / ৬০৪