২৪
১৫৪আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত বোলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না।
১৫৫আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন-সম্পদ, জীবন ও ফসলের ক্ষতির মাধ্যমে; আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও,
১৫৬যারা কোনো বিপদে পতিত হলে বলে, নিশ্চয় আমরা আল্লাহরই জন্য, আর নিশ্চয় আমরা তাঁরই কাছে প্রত্যাবর্তনকারী।
১৫৭তাদের প্রতিই তাদের প্রতিপালকের পক্ষ থেকে অনুগ্রহ ও রহমত বর্ষিত হয়, আর তারাই হিদায়াতপ্রাপ্ত।
১৫৮নিশ্চয় সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। অতএব যে এই ঘরের হজ বা উমরা করে, তার জন্য এই দুটির মধ্যে সায়ী করাতে কোনো দোষ নেই। আর যে স্বেচ্ছায় কোনো সৎকাজ করে, নিশ্চয় আল্লাহ গুণগ্রাহী, সর্বজ্ঞ।
১৫৯নিশ্চয় যারা আমার অবতীর্ণ সুস্পষ্ট প্রমাণাদি ও হিদায়াত গোপন করে, তা মানুষের জন্য কিতাবে স্পষ্ট করে দেওয়ার পরও, তাদের আল্লাহ অভিশপ্ত করেন এবং অভিশাপদাতারাও তাদের অভিশপ্ত করে।
১৬০তবে যারা তওবা করেছে, নিজেদের সংশোধন করেছে এবং সত্য স্পষ্ট করে বলেছে, তাদের ছাড়া; আমি তাদের প্রতি ক্ষমাশীল হবো; আর আমিই তওবা কবুলকারী, পরম দয়ালু।
১৬১নিশ্চয় যারা কুফরি করেছে এবং কাফির অবস্থায় মারা গেছে, তাদের ওপর আল্লাহর, ফেরেশতাদের ও সকল মানুষের অভিশাপ।
১৬২তারা সেখানে চিরস্থায়ী হবে, তাদের শাস্তি লঘু করা হবে না, আর তাদের কোনো অবকাশও দেওয়া হবে না।
১৬৩আর তোমাদের ইলাহ একক ইলাহ; তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি পরম করুণাময়, অসীম দয়ালু।
পৃষ্ঠা ২৪ / ৬০৪