২৫
১৬৪নিশ্চয় আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে, রাত-দিনের আবর্তনে, যে নৌযান মানুষের উপকারী বস্তু নিয়ে সমুদ্রে চলাচল করে তাতে, আল্লাহ আকাশ থেকে যে পানি বর্ষণ করেন এবং তা দিয়ে মৃত পৃথিবীকে যেভাবে সজীব করেন তাতে, পৃথিবীতে সব ধরনের জীবজন্তু ছড়িয়ে দেওয়ার মধ্যে, বায়ুর দিক পরিবর্তনে এবং আকাশ ও পৃথিবীর মাঝে নিয়ন্ত্রিত মেঘমালায়—বিবেকবান সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শনাবলি রয়েছে।
১৬৫আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহকে বাদ দিয়ে (তাঁর) সমকক্ষ গ্রহণ করে, তাদের তারা আল্লাহকে ভালোবাসার মতোই ভালোবাসে; অথচ যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর যারা জুলুম করেছে তারা যদি জানত—যখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে তখন তারা জানবে যে, সমস্ত শক্তি একমাত্র আল্লাহরই, আর আল্লাহ শাস্তিদানে কঠোর।
১৬৬যখন যাদের অনুসরণ করা হয়েছিল তারা যারা অনুসরণ করেছিল তাদের থেকে সম্পর্কচ্ছেদ করবে এবং তারা শাস্তি প্রত্যক্ষ করবে, আর তাদের মধ্যকার সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে।
১৬৭আর যারা অনুসরণ করেছিল তারা বলবে, হায়, যদি আমাদের একবার সুযোগ থাকত, তবে আমরাও তাদের থেকে সম্পর্কচ্ছেদ করতাম, যেমন তারা আমাদের থেকে সম্পর্কচ্ছেদ করেছে। এভাবেই আল্লাহ তাদের কর্মকাণ্ড তাদের সামনে অনুশোচনারূপে উপস্থাপন করবেন, আর তারা আগুন থেকে কখনো বের হতে পারবে না।
১৬৮হে মানুষ, পৃথিবীতে যা কিছু আছে তা থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ কোরো না; নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু।
১৬৯সে তো তোমাদের কেবল মন্দ কাজ ও অশ্লীলতার নির্দেশ দেয় এবং আল্লাহ সম্পর্কে এমন কথা বলার নির্দেশ দেয় যা তোমরা জানো না।
পৃষ্ঠা ২৫ / ৬০৪