এই পৃষ্ঠা শুনুন — সূরা আন-নাহল

২৭৭

৮৮যারা কুফরী করেছে এবং আল্লাহর পথ থেকে ফিরিয়ে রেখেছে, তাদের ফাসাদ সৃষ্টির কারণে আমি তাদের শাস্তির ওপর আরও শাস্তি বাড়িয়ে দেব।

৮৯আর যেদিন আমি প্রত্যেক জাতির মধ্যে তাদের নিজেদের মধ্য থেকে একজন সাক্ষী উত্থাপন করব, আর তোমাকে আনব এদের ওপর সাক্ষী হিসেবে। আর আমি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছি, যা সব বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা, আর মুসলিমদের জন্য হিদায়াত, রহমত ও সুসংবাদ।

৯০নিশ্চয় আল্লাহ ন্যায়বিচার, সদাচরণ এবং আত্মীয়-স্বজনকে দান করার নির্দেশ দেন, আর অশ্লীলতা, মন্দ কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন, যাতে তোমরা শিক্ষা গ্রহণ কর।

৯১আর তোমরা আল্লাহর অঙ্গীকার পূর্ণ কর যখন তোমরা অঙ্গীকার কর, আর শপথ দৃঢ় করার পর তা ভঙ্গ কর না, অথচ তোমরা আল্লাহকে তোমাদের ওপর সাক্ষী নিযুক্ত করেছ। নিশ্চয় আল্লাহ জানেন তোমরা যা কর।

৯২আর তোমরা সেই নারীর মতো হয়ো না, যে তার সুতা মজবুতভাবে পাকানোর পর টুকরো টুকরো করে খুলে ফেলেছিল। তোমরা তোমাদের শপথকে পরস্পরের মধ্যে প্রতারণার হাতিয়ার বানিয়ে নাও এ কারণে যে, একটি দল অন্য দলের চেয়ে সংখ্যায় বেশি। আল্লাহ শুধু এর মাধ্যমে তোমাদের পরীক্ষা করেন, আর কিয়ামতের দিন তিনি অবশ্যই তোমাদের কাছে স্পষ্ট করে দেবেন যে বিষয়ে তোমরা মতভেদ করতে।

৯৩আর আল্লাহ চাইলে তোমাদের সকলকে এক জাতি বানাতে পারতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা হিদায়াত দেন। আর তোমরা যা করতে সে সম্পর্কে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে।

পৃষ্ঠা ২৭৭ / ৬০৪