এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-ইসরা

২৮৩

৮সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি দয়া করবেন, আর যদি তোমরা পুনরায় ফিরে যাও, তবে আমিও পুনরায় ফিরে যাব। আর আমি জাহান্নামকে কাফিরদের জন্য কারাগার বানিয়ে দিয়েছি।

৯নিশ্চয় এই কুরআন সবচেয়ে সঠিক পথের দিকে হিদায়াত দেয়, আর যারা সৎকর্ম করে সেই মুমিনদেরকে সুসংবাদ দেয় যে, তাদের জন্য রয়েছে মহাপ্রতিদান।

১০আর যারা আখিরাতে বিশ্বাস করে না, আমি তাদের জন্য প্রস্তুত রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি।

১১আর মানুষ যেমন কল্যাণ প্রার্থনা করে, তেমনি অকল্যাণও প্রার্থনা করে। আর মানুষ বড়ই তাড়াহুড়াপ্রিয়।

১২আর আমি রাত ও দিনকে দুটি নিদর্শন বানিয়েছি। তারপর আমি রাতের নিদর্শনকে মুছে দিয়েছি এবং দিনের নিদর্শনকে দৃষ্টিগ্রাহ্য করে দিয়েছি, যাতে তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করতে পার এবং যাতে তোমরা বছরের সংখ্যা ও হিসাব জানতে পার। আর আমি প্রত্যেক বিষয় বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি।

১৩আর প্রত্যেক মানুষের কর্মফল আমি তার নিজের গলায় বেঁধে দিয়েছি, আর কিয়ামতের দিন আমি তার জন্য বের করব এক লিপি, যা সে খোলা অবস্থায় পাবে।

১৪তোমার নিজের লিপি পাঠ কর, আজ তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট।

১৫যে হিদায়াত গ্রহণ করে সে তো নিজের কল্যাণের জন্যই হিদায়াত গ্রহণ করে, আর যে পথভ্রষ্ট হয় সে নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হয়। আর কোনো ভারবাহী অন্যের ভার বহন করবে না। আর আমি রাসূল না পাঠানো পর্যন্ত কাউকে শাস্তি দিই না।

১৬আর যখন আমি কোনো জনপদ ধ্বংস করতে চাই, তখন তার বিলাসী লোকদেরকে নির্দেশ দিই, কিন্তু তারা সেখানে অবাধ্যতা করতে থাকে, ফলে তার ওপর সিদ্ধান্তবাণী সত্য হয়ে যায়, তখন আমি তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিই।

১৭আর নূহের পর আমি কত জাতিকে ধ্বংস করেছি! আর তোমার প্রতিপালকই যথেষ্ট, তাঁর বান্দাদের পাপ সম্পর্কে সম্যক অবগত, সর্বদ্রষ্টা হিসেবে।

পৃষ্ঠা ২৮৩ / ৬০৪