এই পৃষ্ঠা শুনুন — সূরা মারইয়াম

৩০৬

১২হে ইয়াহইয়া, কিতাব দৃঢ়ভাবে ধারণ কর। আর আমি তাকে শৈশবেই প্রজ্ঞা দান করেছিলাম।

১৩আর আমার পক্ষ থেকে কোমলতা ও পবিত্রতা দিয়েছিলাম, আর সে ছিল মুত্তাকী।

১৪আর সে ছিল তার পিতামাতার প্রতি অনুগত, উদ্ধত ও অবাধ্য ছিল না।

১৫আর তার প্রতি শান্তি, যেদিন সে জন্মগ্রহণ করেছিল, যেদিন সে মৃত্যুবরণ করবে এবং যেদিন সে জীবিত অবস্থায় পুনরুত্থিত হবে।

১৬আর কিতাবে মারইয়ামের কথা স্মরণ কর, যখন সে তার পরিবার থেকে সরে পূর্বদিকের এক স্থানে গেল।

১৭অতঃপর সে তাদের থেকে পর্দা করল; তখন আমি তার কাছে আমার রূহ (জিবরাঈল) পাঠালাম, আর সে তার সামনে পূর্ণাঙ্গ মানুষের আকারে আত্মপ্রকাশ করল।

১৮সে বলল, "আমি তোমার থেকে দয়াময়ের আশ্রয় প্রার্থনা করছি, যদি তুমি মুত্তাকী হও।"

১৯সে বলল, "আমি তো কেবল তোমার প্রতিপালকের প্রেরিত দূত, যেন আমি তোমাকে এক পবিত্র পুত্র দান করি।"

২০সে বলল, "আমার কীভাবে পুত্র হবে, অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণীও নই?"

২১সে বলল, "এমনই হবে; তোমার প্রতিপালক বলেছেন, এটা আমার জন্য সহজ, আর আমি তাকে মানুষের জন্য একটি নিদর্শন এবং আমার পক্ষ থেকে একটি রহমত করব; আর এটি একটি স্থিরীকৃত বিষয়।"

২২অতঃপর সে গর্ভধারণ করল এবং তা নিয়ে দূরে এক স্থানে সরে গেল।

২৩অতঃপর প্রসব বেদনা তাকে খেজুর গাছের কাণ্ডের কাছে নিয়ে গেল; সে বলল, "হায়, এর আগে যদি আমি মরে যেতাম এবং সম্পূর্ণ বিস্মৃত হয়ে যেতাম!"

২৪তখন তার নিচ থেকে তাকে ডেকে বলা হল, "দুঃখ কর না, তোমার প্রতিপালক তোমার নিচে একটি ঝর্ণা প্রবাহিত করে দিয়েছেন।"

২৫আর খেজুর গাছের কাণ্ড তোমার দিকে নাড়া দাও, তোমার ওপর তাজা পাকা খেজুর ঝরে পড়বে।

পৃষ্ঠা ৩০৬ / ৬০৪