এই পৃষ্ঠা শুনুন — সূরা মারইয়াম

৩০৭

২৬অতঃপর খাও, পান কর এবং চোখ জুড়াও; আর যদি কোনো মানুষকে দেখতে পাও, তবে বল, "আমি দয়াময়ের উদ্দেশ্যে রোযার মানত করেছি, সুতরাং আজ আমি কোনো মানুষের সাথে কথা বলব না।"

২৭অতঃপর সে তাকে কোলে নিয়ে তার সম্প্রদায়ের কাছে এল। তারা বলল, "হে মারইয়াম, তুমি তো এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছ।"

২৮"হে হারুনের বোন, তোমার পিতা তো মন্দ লোক ছিল না এবং তোমার মাও ব্যভিচারিণী ছিল না।"

২৯তখন সে শিশুটির দিকে ইশারা করল। তারা বলল, "যে দোলনায় থাকা শিশু, তার সাথে আমরা কীভাবে কথা বলব?"

৩০সে (শিশু) বলল, "আমি আল্লাহর বান্দা; তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন।"

৩১"আর আমি যেখানেই থাকি না কেন, তিনি আমাকে বরকতময় করেছেন এবং যতদিন জীবিত থাকব, নামায ও যাকাতের নির্দেশ দিয়েছেন।"

৩২"আর আমার মায়ের প্রতি অনুগত করেছেন, আর আমাকে উদ্ধত ও হতভাগ্য করেননি।"

৩৩"আর আমার প্রতি শান্তি, যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন আমি জীবিত অবস্থায় পুনরুত্থিত হব।"

৩৪এই হলেন মারইয়াম-পুত্র ঈসা, সত্য কথা, যে বিষয়ে তারা সন্দেহ পোষণ করে।

৩৫আল্লাহর জন্য কোনো সন্তান গ্রহণ করা শোভা পায় না; তিনি পবিত্র। যখন তিনি কোনো বিষয়ের সিদ্ধান্ত নেন, তখন তিনি শুধু বলেন, "হও," আর তা হয়ে যায়।

৩৬"আর নিশ্চয় আল্লাহ আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক, সুতরাং তোমরা তাঁর ইবাদত কর; এটাই সরল পথ।"

৩৭অতঃপর দলগুলো নিজেদের মধ্যে মতভেদ সৃষ্টি করল; সুতরাং মহাদিনের উপস্থিতির কারণে কাফিরদের জন্য দুর্ভোগ।

৩৮তারা যেদিন আমার কাছে আসবে, সেদিন কতই না ভালো শুনবে এবং দেখবে! কিন্তু আজ যালিমরা স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে।

পৃষ্ঠা ৩০৭ / ৬০৪