৩১৭
৭৭আর নিশ্চয় আমি মূসাকে প্রত্যাদেশ করেছিলাম, "আমার বান্দাদের নিয়ে রাতে বের হয়ে যাও, অতঃপর তাদের জন্য সমুদ্রে একটি শুকনো পথ তৈরি কর, তুমি ধরা পড়ার ভয় করবে না এবং শঙ্কিতও হবে না।"
৭৮অতঃপর ফিরআউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পশ্চাদ্ধাবন করল, তখন সমুদ্র তাদের সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলল।
৭৯আর ফিরআউন তার সম্প্রদায়কে বিভ্রান্ত করেছিল, সঠিক পথ দেখায়নি।
৮০হে বনী ইসরাঈল, আমি তোমাদের তোমাদের শত্রু থেকে রক্ষা করেছি এবং তূর পর্বতের ডান দিকে তোমাদের সাথে প্রতিশ্রুতি স্থাপন করেছি, আর তোমাদের জন্য মান্না ও সালওয়া অবতীর্ণ করেছি।
৮১তোমাদের যে পবিত্র রিযিক দিয়েছি তা থেকে খাও, আর এতে সীমালঙ্ঘন কর না, তাহলে তোমাদের ওপর আমার ক্রোধ নেমে আসবে; আর যার ওপর আমার ক্রোধ নেমে আসে, সে ধ্বংস হয়ে যায়।
৮২আর নিশ্চয় আমি তার জন্য অত্যন্ত ক্ষমাশীল, যে তওবা করে, ঈমান আনে, সৎকাজ করে, অতঃপর সঠিক পথে অবিচল থাকে।
৮৩"আর হে মূসা, তোমার সম্প্রদায়কে রেখে তোমাকে কীসে ত্বরান্বিত করল?"
৮৪সে বলল, "তারা তো আমার পিছনেই আছে, আর হে আমার প্রতিপালক, আমি তোমার সন্তুষ্টির জন্য তোমার কাছে দ্রুত এসেছি।"
৮৫তিনি বললেন, "নিশ্চয় আমি তোমার পরে তোমার সম্প্রদায়কে পরীক্ষায় ফেলেছি, আর সামিরী তাদের বিভ্রান্ত করেছে।"
৮৬অতঃপর মূসা তার সম্প্রদায়ের কাছে ক্রুদ্ধ ও দুঃখিত হয়ে ফিরে এল। সে বলল, "হে আমার সম্প্রদায়, তোমাদের প্রতিপালক কি তোমাদের সাথে উত্তম প্রতিশ্রুতি করেননি? তবে কি সময় তোমাদের কাছে দীর্ঘ মনে হয়েছিল, নাকি তোমরা চেয়েছিলে যে তোমাদের প্রতিপালকের ক্রোধ তোমাদের ওপর নেমে আসুক, ফলে তোমরা আমার সাথে করা প্রতিশ্রুতি ভঙ্গ করলে?"
৮৭তারা বলল, "আমরা নিজেদের ইচ্ছায় তোমার সাথে করা প্রতিশ্রুতি ভঙ্গ করিনি, কিন্তু আমাদের ওপর সম্প্রদায়ের অলংকারের বোঝা চাপানো হয়েছিল, তাই আমরা তা নিক্ষেপ করেছিলাম, আর এভাবেই সামিরীও নিক্ষেপ করেছিল।"
পৃষ্ঠা ৩১৭ / ৬০৪