এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-বাকারা

৩২

২০৩আর নির্দিষ্ট কয়েকটি দিনে আল্লাহকে স্মরণ করো। অতঃপর যে দুই দিনের মধ্যে তাড়াতাড়ি করবে তার কোনো পাপ নেই, আর যে বিলম্ব করবে তারও কোনো পাপ নেই—এটি তার জন্য যে তাকওয়া অবলম্বন করে। আর আল্লাহকে ভয় করো, আর জেনে রাখো যে, তোমাদের তাঁরই কাছে সমবেত করা হবে।

২০৪আর মানুষের মধ্যে এমন কেউ আছে, পার্থিব জীবন সম্পর্কে যার কথা তোমাকে মুগ্ধ করে, আর সে তার অন্তরে যা আছে তার ওপর আল্লাহকে সাক্ষী রাখে, অথচ সে চরম কলহপ্রিয়।

২০৫আর যখন সে মুখ ফিরিয়ে চলে যায়, তখন সে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার এবং ফসল ও বংশ ধ্বংস করার চেষ্টা করে; আর আল্লাহ বিপর্যয় পছন্দ করেন না।

২০৬আর যখন তাকে বলা হয়, আল্লাহকে ভয় করো, তখন অহংকার তাকে আরও পাপের দিকে ঠেলে দেয়; অতএব তার জন্য জাহান্নামই যথেষ্ট, আর তা কতই না নিকৃষ্ট আবাসস্থল।

২০৭আর মানুষের মধ্যে এমনও কেউ আছে, যে আল্লাহর সন্তুষ্টি কামনায় নিজের জীবন বিক্রি করে দেয়; আর আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল।

২০৮হে ঈমানদারগণ, তোমরা সম্পূর্ণরূপে শান্তির (ইসলামের) মধ্যে প্রবেশ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ কোরো না; নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু।

২০৯অতঃপর তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি আসার পরও যদি তোমরা পদস্খলিত হও, তবে জেনে রাখো যে, আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

২১০তারা কি কেবল এই অপেক্ষায় আছে যে, আল্লাহ মেঘের ছায়ায় ফেরেশতাদের সাথে তাদের কাছে আসবেন এবং বিষয়টির ফয়সালা হয়ে যাবে? আর সব বিষয় আল্লাহর কাছেই প্রত্যাবর্তিত হয়।

পৃষ্ঠা ৩২ / ৬০৪