এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-ফুরকান

৩৬১

১২যখন তা দূর থেকে তাদের দেখবে, তারা তার প্রচণ্ড রোষ ও গর্জন শুনতে পাবে।

১৩আর যখন তাদের শৃঙ্খলিত অবস্থায় তার কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন তারা সেখানে ধ্বংস কামনা করে চিৎকার করবে।

১৪আজ একবার ধ্বংস কামনা কর না, বরং বহুবার ধ্বংস কামনা কর।

১৫বল, এটি ভালো, না সেই চিরস্থায়ী জান্নাত, যার প্রতিশ্রুতি মুত্তাকীদের দেওয়া হয়েছে? তা তাদের জন্য প্রতিদান ও প্রত্যাবর্তনস্থল।

১৬সেখানে তাদের জন্য থাকবে যা তারা চাইবে, তারা তাতে চিরকাল থাকবে। এটি তোমার প্রতিপালকের ওপর একটি অবশ্যপূরণীয় প্রতিশ্রুতি।

১৭আর সেদিন তিনি তাদের এবং আল্লাহকে বাদ দিয়ে তারা যাদের ইবাদত করত তাদের একত্র করবেন, অতঃপর বলবেন, তোমরাই কি আমার এই বান্দাদের পথভ্রষ্ট করেছিলে, নাকি তারা নিজেরাই পথ হারিয়েছিল?

১৮তারা বলবে, তুমি পবিত্র মহান! তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবকরূপে গ্রহণ করা আমাদের শোভা পায় না। বরং তুমি তাদের ও তাদের পূর্বপুরুষদের ভোগসামগ্রী দিয়েছিলে, এমনকি তারা তোমার স্মরণ ভুলে গিয়েছিল এবং তারা ছিল ধ্বংসপ্রাপ্ত এক জাতি।

১৯তারা তো তোমাদের কথায় তোমাদের মিথ্যাবাদী প্রমাণ করেছে। এখন তোমরা শাস্তি প্রতিরোধ করতেও পারবে না, সাহায্য পেতেও পারবে না। আর তোমাদের মধ্যে যে জুলুম করবে, আমি তাকে কঠিন শাস্তির স্বাদ আস্বাদন করাব।

২০আর তোমার পূর্বে আমি যত রাসূল পাঠিয়েছি, তারা সবাই তো খাদ্য গ্রহণ করত এবং বাজারে চলাফেরা করত। আর আমি তোমাদের একে অপরের জন্য পরীক্ষাস্বরূপ করেছি—তোমরা কি ধৈর্য ধারণ করবে? আর তোমার প্রতিপালক সর্বদ্রষ্টা।

পৃষ্ঠা ৩৬১ / ৬০৪