এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-ফুরকান

৩৬৪

৪৪নাকি তুমি মনে কর যে তাদের অধিকাংশ শোনে বা বোঝে? তারা তো পশুর মতো, বরং তারা আরও অধিক পথভ্রষ্ট।

৪৫তুমি কি লক্ষ কর না তোমার প্রতিপালক কীভাবে ছায়া দীর্ঘায়িত করেন? তিনি ইচ্ছা করলে একে স্থির রাখতে পারতেন। অতঃপর আমি সূর্যকে এর নির্দেশক বানিয়েছি।

৪৬তারপর আমি একে ধীরে ধীরে নিজের দিকে গুটিয়ে আনি।

৪৭আর তিনিই তোমাদের জন্য রাত্রিকে আবরণ এবং নিদ্রাকে বিশ্রাম বানিয়েছেন, আর দিনকে করেছেন জীবন্ত হয়ে ওঠার সময়।

৪৮আর তিনিই তাঁর অনুগ্রহের পূর্বাভাসস্বরূপ বায়ু প্রেরণ করেন। আর আমি আকাশ থেকে পবিত্র পানি অবতীর্ণ করেছি।

৪৯যাতে এর দ্বারা আমি মৃত জনপদকে জীবিত করি এবং আমার সৃষ্ট বহু পশু ও মানুষকে পান করাই।

৫০আর আমি এটি তাদের মধ্যে বিভিন্নভাবে বণ্টন করেছি, যাতে তারা উপদেশ গ্রহণ করে। কিন্তু অধিকাংশ মানুষ কৃতঘ্নতা ছাড়া আর কিছুই মেনে নিতে অস্বীকার করেছে।

৫১আর আমি চাইলে প্রতিটি জনপদে একজন করে সতর্ককারী পাঠাতে পারতাম।

৫২অতএব তুমি কাফিরদের আনুগত্য কর না এবং এই (কুরআনের) মাধ্যমে তাদের বিরুদ্ধে জোরালো সংগ্রাম চালিয়ে যাও।

৫৩আর তিনিই দুই সমুদ্রকে মিলিত করেছেন—একটি সুমিষ্ট, তৃষ্ণা নিবারণকারী, আর অপরটি লবণাক্ত, তিক্ত। আর তিনি তাদের মাঝে স্থাপন করেছেন এক অন্তরাল ও দুর্লঙ্ঘ্য বাধা।

৫৪আর তিনিই পানি থেকে মানুষ সৃষ্টি করেছেন, অতঃপর তাকে বংশ ও বৈবাহিক সম্পর্কের অধিকারী করেছেন। আর তোমার প্রতিপালক সর্বশক্তিমান।

৫৫আর তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করে যা তাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। আর কাফির তো সবসময় তার প্রতিপালকের বিরুদ্ধে (শয়তানের) সহায়ক হয়ে থাকে।

পৃষ্ঠা ৩৬৪ / ৬০৪