৩৬৫
৫৬আর আমি তোমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবেই প্রেরণ করেছি।
৫৭বল, আমি এর বিনিময়ে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, তবে যে চায় সে তার প্রতিপালকের দিকে পথ অবলম্বন করুক—এটুকুই কাম্য।
৫৮আর তুমি সেই চিরঞ্জীব সত্তার ওপর ভরসা রাখ, যাঁর মৃত্যু নেই, আর তাঁর প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা কর। আর তাঁর বান্দাদের পাপ সম্পর্কে খবর রাখার জন্য তিনিই যথেষ্ট।
৫৯যিনি আসমান, পৃথিবী ও তাদের মধ্যবর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশের ওপর সমাসীন হয়েছেন। তিনি পরম করুণাময়; তাঁর সম্পর্কে কোনো অবগত ব্যক্তির কাছে জিজ্ঞাসা কর।
৬০আর যখন তাদের বলা হয়, তোমরা পরম করুণাময়কে সিজদা কর, তখন তারা বলে, পরম করুণাময় আবার কী? তুমি যাকে নির্দেশ দাও তাকেই কি আমরা সিজদা করব? আর এতে তাদের বিমুখতা আরও বেড়ে যায়।
৬১কতই না বরকতময় তিনি, যিনি আকাশে রাশিমণ্ডল স্থাপন করেছেন, আর তাতে স্থাপন করেছেন এক প্রদীপ (সূর্য) এবং আলোকদানকারী চাঁদ।
৬২আর তিনিই রাত ও দিনকে পরস্পরের অনুগামী করেছেন, তাদের জন্য যারা উপদেশ গ্রহণ করতে চায় অথবা কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়।
৬৩আর পরম করুণাময়ের বান্দা তারাই, যারা পৃথিবীতে বিনয়ের সাথে চলাফেরা করে, আর যখন অজ্ঞ লোকেরা তাদের সাথে কথা বলতে আসে, তখন তারা বলে, শান্তি বর্ষিত হোক (এবং সরে যায়)।
৬৪আর যারা তাদের প্রতিপালকের উদ্দেশে সিজদা ও কিয়াম অবস্থায় রাত অতিবাহিত করে।
৬৫আর যারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদের থেকে জাহান্নামের শাস্তি দূর করে দাও, নিশ্চয় তার শাস্তি অতি ভয়াবহ ও স্থায়ী বিপর্যয়।
৬৬নিশ্চয় তা কতই না নিকৃষ্ট আবাসস্থল ও অবস্থানস্থল!
৬৭আর যারা ব্যয় করার সময় অপচয়ও করে না, কার্পণ্যও করে না, বরং তাদের ব্যয় এতদুভয়ের মাঝামাঝি ন্যায্য মাত্রায় থাকে।
পৃষ্ঠা ৩৬৫ / ৬০৪