৩৭৮
১৪আর তারা অন্যায় ও অহংকারবশত এসব অস্বীকার করল, যদিও তাদের অন্তর এগুলোর সত্যতা সম্পর্কে নিশ্চিত ছিল। সুতরাং লক্ষ কর, বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিল!
১৫আর আমি দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম, আর তারা উভয়ে বলেছিলেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের তাঁর অনেক মুমিন বান্দার ওপর মর্যাদা দান করেছেন।
১৬আর সুলাইমান দাউদের উত্তরাধিকারী হলেন এবং বললেন, হে মানুষ, আমাদের পাখির ভাষা শেখানো হয়েছে এবং আমাদের সবকিছু থেকে দেওয়া হয়েছে। নিশ্চয় এটি এক সুস্পষ্ট অনুগ্রহ।
১৭আর সুলাইমানের জন্য জিন, মানুষ ও পাখি থেকে তাঁর বাহিনী একত্র করা হলো, অতঃপর তাদের সারিবদ্ধ করা হলো।
১৮অবশেষে যখন তারা পিঁপড়ার উপত্যকায় পৌঁছাল, তখন একটি পিঁপড়া বলল, হে পিঁপড়ারা, তোমরা তোমাদের গৃহে প্রবেশ কর, যেন সুলাইমান ও তার বাহিনী অজান্তে তোমাদের পিষ্ট না করে দেয়।
১৯তখন তার কথায় তিনি (সুলাইমান) মৃদু হেসে বললেন, হে আমার প্রতিপালক, আমাকে তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের তাওফীক দাও, যা তুমি আমাকে ও আমার পিতা-মাতাকে দান করেছ, আর আমাকে এমন সৎকাজ করার তাওফীক দাও যা তুমি পছন্দ কর, আর তোমার দয়ায় আমাকে তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত কর।
২০আর তিনি পাখিদের অনুসন্ধান করে বললেন, আমার কী হলো যে আমি হুদহুদকে দেখছি না? নাকি সে অনুপস্থিতদের অন্তর্ভুক্ত?
২১আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব, অথবা তাকে জবাই করব, অথবা সে আমার কাছে সুস্পষ্ট কোনো কারণ উপস্থাপন করবে।
২২অতঃপর সে বেশি বিলম্ব করল না, এসে বলল, আমি এমন কিছু জেনেছি যা আপনি জানেন না, আর আমি সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি।
পৃষ্ঠা ৩৭৮ / ৬০৪