৩৯৩
৬০আর তোমাদের যা কিছু দেওয়া হয়েছে তা তো পার্থিব জীবনের ভোগসামগ্রী ও তার শোভা মাত্র; আর আল্লাহর কাছে যা আছে তা অধিক উত্তম ও স্থায়ী। তবুও কি তোমরা বুঝবে না?
৬১যাকে আমি একটি উত্তম প্রতিশ্রুতি দিয়েছি, আর সে তা পাবেই, সে কি তার সমতুল্য, যাকে আমি পার্থিব জীবনের ভোগসামগ্রী দিয়েছি, অতঃপর কিয়ামতের দিন সে অপরাধী হিসেবে উপস্থিত হবে?
৬২আর সেদিনের কথা স্মরণ কর, যেদিন তিনি তাদের ডেকে বলবেন, আমার সেই শরিকরা কোথায়, যাদের কথা তোমরা দাবি করতে?
৬৩যাদের ওপর শাস্তির বাণী সাব্যস্ত হয়ে গেছে, তারা বলবে, হে আমাদের প্রতিপালক, এরাই তারা, যাদের আমরা পথভ্রষ্ট করেছিলাম; আমরা যেমন পথভ্রষ্ট হয়েছিলাম, তেমনি তাদেরও পথভ্রষ্ট করেছিলাম। আমরা তোমার কাছে তাদের থেকে সম্পূর্ণ দায়মুক্তি ঘোষণা করছি; তারা তো আমাদের ইবাদত করত না।
৬৪আর বলা হবে, তোমরা তোমাদের শরিকদের ডাক। ফলে তারা তাদের ডাকবে, কিন্তু তারা তাদের কোনো সাড়া দেবে না, আর তারা শাস্তি প্রত্যক্ষ করবে। যদি তারা সৎপথে থাকত তবে কতই না ভালো হতো!
৬৫আর সেদিনের কথা স্মরণ কর, যেদিন তিনি তাদের ডেকে বলবেন, তোমরা রাসূলদের কী জবাব দিয়েছিলে?
৬৬সেদিন তাদের কাছে সব সংবাদ অস্পষ্ট হয়ে যাবে, ফলে তারা একে অপরকে জিজ্ঞাসাও করতে পারবে না।
৬৭তবে যে তওবা করে, ঈমান আনে ও সৎকাজ করে, হয়তো সে সফলকামদের অন্তর্ভুক্ত হবে।
৬৮আর তোমার প্রতিপালক যা ইচ্ছা সৃষ্টি করেন এবং যাকে ইচ্ছা মনোনীত করেন; নির্বাচনের অধিকার তাদের নেই। আল্লাহ পবিত্র মহান, তারা যা শরিক করে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে।
৬৯আর তোমার প্রতিপালক জানেন তাদের অন্তর যা গোপন রাখে এবং যা তারা প্রকাশ করে।
৭০আর তিনিই আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই; সব প্রশংসা তাঁরই—দুনিয়াতেও, আখিরাতেও; আর সিদ্ধান্তের ক্ষমতা তাঁরই, আর তাঁরই দিকে তোমাদের প্রত্যাবর্তন করা হবে।
পৃষ্ঠা ৩৯৩ / ৬০৪