৪১১
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১আলিফ-লাম-মীম।
২এগুলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত,
৩সৎকর্মশীলদের জন্য পথনির্দেশ ও রহমত,
৪যারা নামায কায়েম করে, যাকাত প্রদান করে এবং আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে।
৫তারাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে হিদায়াতের ওপর আছে, আর তারাই সফলকাম।
৬মানুষের মধ্যে এমন কেউ কেউ আছে যারা অজ্ঞানতাবশত মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার জন্য অসার কথাবার্তা ক্রয় করে এবং তা নিয়ে বিদ্রূপ করে। তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি।
৭যখন তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হয়, সে অহংকারবশত মুখ ফিরিয়ে নেয়, যেন সে তা শোনেইনি, যেন তার দুই কানে বধিরতা আছে। কাজেই তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও।
৮নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে নেয়ামতে ভরা জান্নাত,
৯যেখানে তারা চিরকাল থাকবে; এটা আল্লাহর সত্য প্রতিশ্রুতি, আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
১০তিনি এমন স্তম্ভ ছাড়াই আসমান সৃষ্টি করেছেন যা তোমরা দেখতে পাও, আর যমীনে পাহাড় স্থাপন করেছেন যাতে তা তোমাদের নিয়ে কেঁপে না ওঠে, আর সেখানে সব রকম জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন। আর আমি আকাশ থেকে পানি বর্ষণ করি এবং তা দিয়ে সেখানে প্রতিটি উন্নতমানের জোড়া উদ্ভিদ উদ্গত করি।
১১এটাই আল্লাহর সৃষ্টি। কাজেই তোমরা আমাকে দেখাও, তিনি ছাড়া অন্যরা কী সৃষ্টি করেছে? বরং অত্যাচারীরা স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে।
পৃষ্ঠা ৪১১ / ৬০৪