এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-আহযাব

৪২২

৩১আর তোমাদের মধ্যে যে আল্লাহ ও তাঁর রাসূলের অনুগত থাকবে এবং সৎকর্ম করবে, আমি তাকে তার প্রতিদান দ্বিগুণ দেব, আর আমি তার জন্য সম্মানজনক রিযিক প্রস্তুত রেখেছি।

৩২হে নবী-পত্নীগণ, তোমরা সাধারণ নারীদের মতো নও। যদি তোমরা আল্লাহভীরু হও, তবে কোমল কণ্ঠে কথা বলো না, যাতে যার অন্তরে ব্যাধি আছে সে প্রলুব্ধ হয়ে না ওঠে, আর সংগত কথা বলো।

৩৩আর তোমাদের ঘরে অবস্থান করো এবং পূর্বেকার অজ্ঞতার যুগের মতো নিজেদের সৌন্দর্য প্রকাশ কোরো না। আর নামায কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করো। আল্লাহ শুধু চান তোমাদের থেকে, হে নবীর পরিবার, সব অপবিত্রতা দূর করতে এবং তোমাদের পুরোপুরি পবিত্র করতে।

৩৪আর তোমাদের ঘরে যা আল্লাহর আয়াতসমূহ ও প্রজ্ঞা থেকে তিলাওয়াত করা হয় তা স্মরণ করো। নিশ্চয় আল্লাহ সূক্ষ্মদর্শী, সম্যক অবগত।

৩৫নিশ্চয় মুসলিম পুরুষ ও মুসলিম নারী, মুমিন পুরুষ ও মুমিন নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনয়ী পুরুষ ও বিনয়ী নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, রোজাদার পুরুষ ও রোজাদার নারী, নিজেদের লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ ও নারী, এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী—আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপ্রতিদান।

পৃষ্ঠা ৪২২ / ৬০৪