এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-বাকারা

৪৭

২৭৫যারা সুদ খায়, তারা কিয়ামতের দিন এমনভাবে দাঁড়াবে যেমন শয়তানের স্পর্শে মোহাচ্ছন্ন ব্যক্তি দাঁড়ায়। এটি এ কারণে যে, তারা বলে, বেচাকেনা তো সুদেরই মতো। অথচ আল্লাহ বেচাকেনা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন। অতঃপর যার কাছে তার প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে, তার জন্য অতীতে যা হয়েছে তা রইল, আর তার বিষয়টি আল্লাহর কাছে ন্যস্ত। আর যে পুনরায় (সুদে) ফিরে যায়, তারাই জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরস্থায়ী হবে।

২৭৬আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দান-খয়রাতকে বর্ধিত করেন। আর আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না।

২৭৭নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, নামায কায়েম করেছে এবং যাকাত দিয়েছে, তাদের প্রতিদান তাদের প্রতিপালকের কাছে রয়েছে, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না।

২৭৮হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সুদের যে অংশ বাকি রয়ে গেছে তা ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হও।

২৭৯অতঃপর যদি তোমরা তা না করো, তবে আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা সম্পর্কে অবহিত হয়ে যাও। আর যদি তোমরা তওবা করো, তবে তোমাদের আসল পুঁজি তোমাদেরই প্রাপ্য; তোমরা কারো প্রতি জুলুম করবে না, আর তোমাদের প্রতিও জুলুম করা হবে না।

২৮০আর যদি ঋণগ্রহীতা অভাবগ্রস্ত হয়, তবে তার সচ্ছলতা পর্যন্ত অবকাশ দাও। আর যদি তোমরা তা দান করে দাও, তবে তা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।

২৮১আর সেই দিনকে ভয় করো, যেদিন তোমাদের আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে, অতঃপর প্রত্যেক ব্যক্তিকে তার অর্জনের পূর্ণ প্রতিদান দেওয়া হবে, আর তাদের প্রতি জুলুম করা হবে না।

পৃষ্ঠা ৪৭ / ৬০৪