৪৯৬
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১হা-মীম।
২স্পষ্ট কিতাবের শপথ,
৩নিশ্চয় আমি এটি এক বরকতময় রাতে নাযিল করেছি; নিশ্চয় আমি সতর্ককারী।
৪সেই রাতে প্রতিটি প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়,
৫আমার পক্ষ থেকে এক আদেশরূপে; নিশ্চয় আমিই রাসূল প্রেরণকারী,
৬তোমার প্রতিপালকের পক্ষ থেকে অনুগ্রহস্বরূপ; নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
৭আকাশমণ্ডলী, পৃথিবী ও এতদুভয়ের মধ্যকার সবকিছুর প্রতিপালক, যদি তোমরা দৃঢ় বিশ্বাসী হও।
৮তিনি ছাড়া কোনো উপাস্য নেই; তিনিই জীবন দেন ও মৃত্যু দেন; তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষদেরও প্রতিপালক।
৯বরং তারা সন্দেহে পড়ে খেলা করছে।
১০সুতরাং সেই দিনের প্রতীক্ষা কর, যেদিন আকাশ স্পষ্ট এক ধোঁয়া নিয়ে আসবে,
১১যা মানুষকে ঢেকে ফেলবে; এটি এক যন্ত্রণাদায়ক শাস্তি।
১২তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের থেকে এই শাস্তি সরিয়ে দাও, আমরা বিশ্বাস স্থাপন করছি।
১৩তাদের এই স্মরণ করা এখন কী কাজে আসবে, অথচ তাদের কাছে এক স্পষ্ট রাসূল এসেছিল,
১৪তারপর তারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং বলেছিল, এ তো শেখানো পাগল।
১৫নিশ্চয় আমি সামান্য সময়ের জন্য শাস্তি সরিয়ে দিচ্ছি, তবে তোমরা আবার ফিরে যাবে।
১৬যেদিন আমি প্রবল পাকড়াও করব, সেদিন আমি অবশ্যই প্রতিশোধ নেব।
১৭আর তাদের আগে আমি ফিরআউনের সম্প্রদায়কে পরীক্ষা করেছিলাম, আর তাদের কাছে এক সম্মানিত রাসূল এসেছিল,
১৮যে বলেছিল, আল্লাহর বান্দাদের আমার হাতে সমর্পণ কর; নিশ্চয় আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।
পৃষ্ঠা ৪৯৬ / ৬০৪