৫০৬
২৯আর স্মরণ কর, যখন আমি জ্বিনদের একটি দলকে তোমার দিকে ফিরিয়েছিলাম, যারা কুরআন শুনছিল; অতঃপর যখন তারা তার কাছে উপস্থিত হল, তখন বলল, চুপ কর। অতঃপর যখন তা শেষ হল, তারা সতর্ককারী হয়ে তাদের সম্প্রদায়ের কাছে ফিরে গেল।
৩০তারা বলল, হে আমাদের সম্প্রদায়, নিশ্চয় আমরা এমন এক কিতাব শুনেছি, যা মূসার পরে নাযিল করা হয়েছে, তার পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী, সত্য ও সরল পথের দিকে পথপ্রদর্শক।
৩১হে আমাদের সম্প্রদায়, আল্লাহর আহ্বানকারীর ডাকে সাড়া দাও এবং তাঁর প্রতি বিশ্বাস স্থাপন কর, তিনি তোমাদের গুনাহসমূহের কিছু ক্ষমা করবেন এবং তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবেন।
৩২আর যে আল্লাহর আহ্বানকারীর ডাকে সাড়া দেয় না, সে পৃথিবীতে আল্লাহকে অক্ষম করতে পারবে না, আর তাঁকে ছেড়ে তার কোনো অভিভাবকও নেই; তারাই স্পষ্ট বিভ্রান্তিতে আছে।
৩৩তারা কি দেখেনি যে, আল্লাহ, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং সেগুলো সৃষ্টি করতে তিনি ক্লান্ত হননি, তিনি মৃতদের জীবিত করতে সক্ষম? হ্যাঁ, নিশ্চয় তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান।
৩৪আর যেদিন যারা কুফরী করেছে তাদের আগুনের সামনে উপস্থিত করা হবে, সেদিন বলা হবে, এটা কি সত্য নয়? তারা বলবে, হ্যাঁ, আমাদের প্রতিপালকের কসম। তিনি বলবেন, তবে তোমাদের কুফরীর প্রতিফলস্বরূপ শাস্তি ভোগ কর।
৩৫সুতরাং তুমি ধৈর্য ধারণ কর, যেমন দৃঢ়প্রতিজ্ঞ রাসূলগণ ধৈর্য ধারণ করেছিলেন, আর তাদের জন্য তাড়াহুড়া কর না; যেদিন তারা যে শাস্তির প্রতিশ্রুতি পেয়েছিল তা দেখবে, সেদিন যেন তারা দিনের একটি মুহূর্তের বেশি অবস্থান করেনি বলে মনে হবে; এটি এক বার্তা; সুতরাং সীমালঙ্ঘনকারী সম্প্রদায় ছাড়া আর কাউকে কি ধ্বংস করা হবে?
পৃষ্ঠা ৫০৬ / ৬০৪