এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-ফাতহ

৫১৩

১৬মরুবাসীদের মধ্যে যারা পিছনে থেকে গিয়েছিল তাদের বল, তোমাদের শীঘ্রই এমন এক সম্প্রদায়ের বিরুদ্ধে ডাকা হবে, যারা প্রচণ্ড শক্তিশালী; তোমরা তাদের সাথে যুদ্ধ করবে, নয়তো তারা আত্মসমর্পণ করবে; অতঃপর যদি তোমরা আনুগত্য কর, তবে আল্লাহ তোমাদের উত্তম প্রতিফল দেবেন, আর যদি তোমরা পূর্বের মতোই মুখ ফিরিয়ে নাও, তবে তিনি তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন।

১৭অন্ধের কোনো দোষ নেই, খোঁড়ার কোনো দোষ নেই এবং রোগীরও কোনো দোষ নেই; আর যে আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে, তিনি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশে নদীসমূহ প্রবাহিত; আর যে মুখ ফিরিয়ে নেয়, তিনি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন।

১৮নিশ্চয় আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, যখন তারা গাছের নিচে তোমার হাতে বাইয়াত গ্রহণ করছিল; তাদের অন্তরে যা ছিল তা তিনি জানতেন, ফলে তিনি তাদের প্রতি প্রশান্তি নাযিল করলেন এবং তাদের নিকটবর্তী বিজয় দিয়ে পুরস্কৃত করলেন,

১৯আর প্রচুর গনীমতের সম্পদ, যা তারা লাভ করবে; আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

২০আল্লাহ তোমাদের প্রচুর গনীমতের প্রতিশ্রুতি দিয়েছেন, যা তোমরা লাভ করবে, অতঃপর তিনি তোমাদের জন্য তা তাড়াতাড়ি দান করলেন এবং মানুষের হাত তোমাদের থেকে সরিয়ে দিলেন, যাতে তা মুমিনদের জন্য এক নিদর্শন হয় এবং তিনি তোমাদের সরল পথে পরিচালিত করেন।

২১আর আরো এমন কিছুর প্রতিশ্রুতি, যার ওপর তোমরা এখনো ক্ষমতা রাখ না, আল্লাহ তা পরিবেষ্টন করে রেখেছেন; আর আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান।

২২আর যারা কুফরী করেছে, তারা যদি তোমাদের সাথে যুদ্ধ করত, তবে অবশ্যই পিঠ ফিরিয়ে পালাত, তারপর কোনো অভিভাবক বা সাহায্যকারী পেত না।

২৩এটাই আল্লাহর রীতি, যা আগেও চলে এসেছে; আর তুমি আল্লাহর রীতিতে কখনো কোনো পরিবর্তন পাবে না।

পৃষ্ঠা ৫১৩ / ৬০৪