৫৮
৬২নিশ্চয় এটিই সত্য বিবরণ; আর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই; আর নিশ্চয় আল্লাহই পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
৬৩অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে নিশ্চয় আল্লাহ বিপর্যয়সৃষ্টিকারীদের সম্পর্কে সম্যক জ্ঞাত।
৬৪বলো, হে কিতাবধারীগণ, এসো এমন একটি কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে সমান—তা এই যে, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, তাঁর সাথে কাউকে শরিক করব না এবং আল্লাহকে বাদ দিয়ে আমাদের কেউ কাউকে প্রতিপালকরূপে গ্রহণ করব না। অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে বলো, সাক্ষী থাকো যে, আমরা আত্মসমর্পণকারী।
৬৫হে কিতাবধারীগণ, তোমরা ইবরাহীম সম্পর্কে কেন বিতর্ক করো, অথচ তাওরাত ও ইঞ্জিল তো তার পরেই অবতীর্ণ হয়েছে? তবুও কি তোমরা বুঝবে না?
৬৬শোনো, তোমরা তো এমন বিষয়ে বিতর্ক করেছ যার জ্ঞান তোমাদের ছিল, তবে যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই সে বিষয়ে কেন বিতর্ক করছ? আর আল্লাহ জানেন, তোমরা জানো না।
৬৭ইবরাহীম ইহুদি ছিলেন না, খ্রিষ্টানও ছিলেন না, বরং তিনি ছিলেন একনিষ্ঠ আত্মসমর্পণকারী, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না।
৬৮নিশ্চয় ইবরাহীমের সবচেয়ে ঘনিষ্ঠ তারাই, যারা তার অনুসরণ করেছে, আর এই নবী এবং যারা ঈমান এনেছে তারাও; আর আল্লাহ মুমিনদের অভিভাবক।
৬৯কিতাবধারীদের একদল কামনা করে যে, তারা যদি তোমাদের বিভ্রান্ত করতে পারত, অথচ তারা নিজেদেরই বিভ্রান্ত করছে, আর তারা তা উপলব্ধি করে না।
৭০হে কিতাবধারীগণ, তোমরা কেন আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করো, অথচ তোমরা নিজেরাই তার সাক্ষী?
পৃষ্ঠা ৫৮ / ৬০৪