অনুবাদ ২০:১ ত্বা-হা।
অনুবাদ ২০:২ আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করিনি যে তুমি কষ্ট পাবে,
অনুবাদ ২০:৩ বরং তা তার জন্য উপদেশ, যে ভয় করে।
অনুবাদ ২০:৪ এটি সেই সত্তার পক্ষ থেকে অবতীর্ণ, যিনি পৃথিবী ও সুউচ্চ আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন।
অনুবাদ ২০:৫ দয়াময় আরশে সমাসীন হয়েছেন।
অনুবাদ ২০:৬ আকাশমণ্ডলীতে, পৃথিবীতে, এতদুভয়ের মধ্যে এবং মাটির নিচে যা কিছু আছে, সবই তাঁর।
অনুবাদ ২০:৭ আর তুমি যদি জোরে কথা বল, তবু নিশ্চয় তিনি গোপন এবং তার চেয়েও গোপন বিষয় জানেন।
অনুবাদ ২০:৮ আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই; তাঁরই জন্য সুন্দরতম নামসমূহ।
অনুবাদ ২০:৯ আর মূসার বৃত্তান্ত কি তোমার কাছে পৌঁছেছে?
অনুবাদ ২০:১০ যখন সে আগুন দেখতে পেয়ে তার পরিবারকে বলল, "তোমরা অপেক্ষা কর, আমি আগুন দেখতে পেয়েছি; হয়তো আমি তা থেকে জ্বলন্ত অঙ্গার নিয়ে আসতে পারব, অথবা আগুনের কাছে পথের সন্ধান পাব।"
অনুবাদ ২০:১১ অতঃপর যখন সে সেখানে পৌঁছাল, তখন তাকে ডেকে বলা হল, "হে মূসা,"
অনুবাদ ২০:১২ "নিশ্চয় আমিই তোমার প্রতিপালক, সুতরাং তোমার জুতা খুলে ফেল; নিশ্চয় তুমি পবিত্র উপত্যকা তুওয়ায় রয়েছ।"