অনুবাদ ৪২:১ হা-মীম।
অনুবাদ ৪২:২ আইন-সীন-ক্বাফ।
অনুবাদ ৪২:৩ এভাবেই তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহ ওহী পাঠান।
অনুবাদ ৪২:৪ আসমানসমূহে যা কিছু আছে এবং যমীনে যা কিছু আছে সবই তাঁর, আর তিনিই সুউচ্চ, মহান।
অনুবাদ ৪২:৫ আসমানসমূহ যেন তাদের ওপর থেকে বিদীর্ণ হয়ে পড়তে চায়, আর ফেরেশতারা তাদের প্রতিপালকের প্রশংসাসহ তাসবীহ পাঠ করে এবং যমীনে যারা আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। সাবধান, নিশ্চয় আল্লাহই মহাক্ষমাশীল, পরম দয়ালু।
অনুবাদ ৪২:৬ আর যারা তাঁকে ছাড়া অন্য অভিভাবক গ্রহণ করেছে, আল্লাহ তাদের ওপর তত্ত্বাবধায়ক, আর তুমি তাদের ওপর তত্ত্বাবধায়ক নও।
অনুবাদ ৪২:৭ আর এভাবেই আমি তোমার প্রতি আরবি ভাষায় কুরআন ওহী করেছি, যাতে তুমি জনপদের মাতা এবং এর চারপাশের অধিবাসীদের সতর্ক করো, আর সমাবেশের দিন সম্পর্কে সতর্ক করো, যাতে কোনো সন্দেহ নেই। একদল জান্নাতে থাকবে, আরেক দল থাকবে জ্বলন্ত আগুনে।
অনুবাদ ৪২:৮ আর আল্লাহ ইচ্ছা করলে তাদের সবাইকে এক জাতি বানাতে পারতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা তাঁর অনুগ্রহে প্রবেশ করান। আর যালিমদের জন্য কোনো অভিভাবক নেই এবং কোনো সাহায্যকারীও নেই।
অনুবাদ ৪২:৯ নাকি তারা তাঁকে ছাড়া অন্য অভিভাবক গ্রহণ করেছে? অথচ আল্লাহই প্রকৃত অভিভাবক, আর তিনিই মৃতদের জীবিত করেন, আর তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান।
অনুবাদ ৪২:১০ আর তোমরা যে বিষয়েই মতভেদ করো না কেন, তার ফয়সালা আল্লাহরই কাছে। এই তো আল্লাহ, আমার প্রতিপালক, তাঁরই ওপর আমি ভরসা করি এবং তাঁরই দিকে আমি ফিরে যাই।
অনুবাদ ৪২:১১ তিনি আসমান ও যমীনের স্রষ্টা, তিনি তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের জন্য সঙ্গিনী বানিয়েছেন এবং গবাদিপশু থেকেও জোড়া বানিয়েছেন, এভাবে তিনি তোমাদের বংশবিস্তার ঘটান। তাঁর মতো কিছুই নেই, আর তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।
অনুবাদ ৪২:১২ আসমান ও যমীনের চাবিসমূহ তাঁরই, তিনি যার জন্য ইচ্ছা রিযিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন। নিশ্চয় তিনি সকল কিছু সম্পর্কে সম্যক জ্ঞাত।