← সকল সূরা

সম্মেলন/শুক্রবার - الجمعة

পুরো সূরা আল-জুমুআ শুনুন

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

অনুবাদ ৬২:১ আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, যিনি অধিপতি, পরম পবিত্র, পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

অনুবাদ ৬২:২ তিনিই নিরক্ষরদের মধ্যে তাদের মধ্য থেকেই একজন রাসূল পাঠিয়েছেন, যিনি তাদের কাছে তাঁর আয়াতসমূহ তিলাওয়াত করেন, তাদের পবিত্র করেন এবং তাদের কিতাব ও প্রজ্ঞা শিক্ষা দেন; যদিও তারা এর আগে স্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত ছিল।

অনুবাদ ৬২:৩ আর তাদের মধ্যে অন্য আরও কিছু লোকের প্রতিও, যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি; আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

অনুবাদ ৬২:৪ এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি তা দান করেন; আর আল্লাহ মহাঅনুগ্রহের অধিকারী।

অনুবাদ ৬২:৫ যাদের ওপর তাওরাতের দায়িত্ব অর্পণ করা হয়েছিল, তারপর তারা তা বহন করেনি, তাদের উদাহরণ সেই গাধার মতো, যে অনেক কিতাব বহন করে। যারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে সেই সম্প্রদায়ের উদাহরণ কতই না নিকৃষ্ট! আর আল্লাহ যালিম সম্প্রদায়কে হিদায়াত দেন না।

অনুবাদ ৬২:৬ বলো, হে যারা ইহুদি হয়েছ, যদি তোমরা দাবি করো যে, অন্য মানুষদের বাদ দিয়ে কেবল তোমরাই আল্লাহর বন্ধু, তবে তোমরা মৃত্যু কামনা করো, যদি তোমরা সত্যবাদী হও।

অনুবাদ ৬২:৭ কিন্তু তারা তাদের হাতে যা পাঠিয়েছে তার কারণে কখনো তা কামনা করবে না; আর আল্লাহ যালিমদের সম্পর্কে সম্যক জ্ঞাত।

অনুবাদ ৬২:৮ বলো, নিশ্চয়ই তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াও, তা তোমাদের সাথে অবশ্যই সাক্ষাৎ করবে, তারপর তোমাদের ফিরিয়ে নেওয়া হবে অদৃশ্য ও দৃশ্যমান সব কিছুর জ্ঞাতার কাছে, তখন তিনি তোমাদের জানিয়ে দেবেন তোমরা কী করতে।

অনুবাদ ৬২:৯ হে বিশ্বাসীগণ, জুমার দিন যখন নামাযের জন্য আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং বেচাকেনা ছেড়ে দাও; এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।

১০

অনুবাদ ৬২:১০ তারপর যখন নামায শেষ হয়, তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো, আর আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হও।

১১

অনুবাদ ৬২:১১ আর যখন তারা কোনো ব্যবসা বা খেলাধুলা দেখে, তখন তারা তার দিকে ছুটে যায় এবং তোমাকে দাঁড়িয়ে রেখেই চলে যায়। বলো, আল্লাহর কাছে যা আছে তা খেলাধুলা ও ব্যবসা থেকে উত্তম; আর আল্লাহ সর্বোত্তম রিযিকদাতা।

ইদগাম / গুন্নাহ ইখফা / ইকলাব কালকালাহ মদ্দ মদ্দ লাজিম নীরব হরফ
আরবি
বাংলা