এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-মায়েদা

১১১

১৮ইহুদি ও খ্রিস্টানরা বলে, আমরা আল্লাহর সন্তান ও তাঁর প্রিয়ভাজন। বল, তবে কেন তিনি তোমাদের পাপের জন্য শাস্তি দেন? বরং তোমরা তাঁর সৃষ্ট মানুষদেরই একজন। তিনি যাকে চান ক্ষমা করেন, যাকে চান শাস্তি দেন। আসমান ও জমিনের এবং এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর রাজত্ব আল্লাহরই, আর তাঁরই কাছে প্রত্যাবর্তন।

১৯হে আহলে কিতাব, রাসূলদের আগমনে বিরতির পর তোমাদের কাছে আমার রাসূল এসেছেন, তোমাদের জন্য বিষয়াদি স্পষ্ট করার জন্য, যাতে তোমরা বলতে না পার যে, আমাদের কাছে কোনো সুসংবাদদাতা বা সতর্ককারী আসেনি। নিশ্চয় তোমাদের কাছে একজন সুসংবাদদাতা ও সতর্ককারী এসে গেছেন। আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান।

২০স্মরণ কর, যখন মূসা তার জাতিকে বলেছিলেন, হে আমার জাতি, আল্লাহর অনুগ্রহ স্মরণ কর যা তিনি তোমাদের প্রতি করেছেন, যখন তিনি তোমাদের মধ্যে নবী সৃষ্টি করেছেন, তোমাদের বাদশাহ বানিয়েছেন এবং তোমাদের এমন কিছু দিয়েছেন যা বিশ্বজগতের কাউকে দেননি।

২১হে আমার জাতি, সেই পবিত্র ভূমিতে প্রবেশ কর যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করেছেন, আর পিছনে ফিরে যেয়ো না, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে ফিরবে।

২২তারা বলল, হে মূসা, সেখানে এক শক্তিশালী জাতি আছে, আর আমরা কখনো সেখানে প্রবেশ করব না যতক্ষণ না তারা সেখান থেকে বের হয়ে যায়। যদি তারা বের হয়ে যায় তবে আমরা প্রবেশ করব।

২৩যারা আল্লাহকে ভয় করত তাদের মধ্য থেকে দুজন লোক, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেন, বলল, তাদের বিরুদ্ধে ফটক দিয়ে প্রবেশ কর, একবার প্রবেশ করলেই তোমরা বিজয়ী হবে। আর তোমরা যদি মুমিন হও তবে আল্লাহর উপরই ভরসা কর।

পৃষ্ঠা ১১১ / ৬০৪