১১০
১৪আর যারা বলে, আমরা খ্রিস্টান, তাদের কাছ থেকেও আমি অঙ্গীকার নিয়েছিলাম, কিন্তু তারাও তাদের যে বিষয়ে উপদেশ দেওয়া হয়েছিল তার একটি অংশ ভুলে গেছে। ফলে আমি কিয়ামত পর্যন্ত তাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে দিয়েছি। আল্লাহ শীঘ্রই তাদের জানিয়ে দেবেন তারা কী করত।
১৫হে আহলে কিতাব, তোমাদের কাছে আমার রাসূল এসেছেন, তিনি তোমাদের কাছে কিতাবের অনেক বিষয় স্পষ্ট করে দেন যা তোমরা গোপন করতে, আর অনেক বিষয় তিনি উপেক্ষা করেন। নিশ্চয় তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এক আলো এবং স্পষ্ট কিতাব এসেছে।
১৬যা দিয়ে আল্লাহ তাঁর সন্তুষ্টি অনুসরণকারীদের শান্তির পথে পরিচালিত করেন এবং তাঁর অনুমতিক্রমে তাদের অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন, আর তাদের সরল পথে পরিচালিত করেন।
১৭নিশ্চয় তারা কুফরি করেছে যারা বলে, আল্লাহই মরিয়ম-তনয় মসীহ। বল, আল্লাহ যদি মরিয়ম-তনয় মসীহকে, তার মাকে এবং পৃথিবীর সকলকে ধ্বংস করতে চান, তবে আল্লাহর বিরুদ্ধে কার সাধ্য আছে তা রোধ করার? আসমান ও জমিনের এবং এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর রাজত্ব আল্লাহরই। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান।
পৃষ্ঠা ১১০ / ৬০৪