১২৪
৯৬তোমাদের জন্য হালাল করা হয়েছে সমুদ্রের শিকার ও তার খাদ্য, তোমাদের ও পথিকদের জন্য উপভোগ্যরূপে। আর ইহরাম অবস্থায় যতদিন তোমরা থাক ততদিন স্থলের শিকার তোমাদের জন্য হারাম করা হয়েছে। আর সেই আল্লাহকে ভয় কর যাঁর কাছে তোমাদের একত্র করা হবে।
৯৭আল্লাহ কাবাঘর, সম্মানিত ঘরকে মানুষের জন্য প্রতিষ্ঠার কেন্দ্র বানিয়েছেন, আর সম্মানিত মাস, কুরবানির পশু ও গলায় চিহ্নযুক্ত পশুকেও। এটা এ কারণে যে, তোমরা জানবে, আসমান ও জমিনে যা আছে আল্লাহ তা জানেন, আর নিশ্চয় আল্লাহ সবকিছু সম্পর্কে সম্যক অবগত।
৯৮জেনে রাখ, আল্লাহ কঠোর শাস্তিদাতা, আর নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
৯৯রাসূলের দায়িত্ব কেবল পৌঁছে দেওয়া। আর তোমরা যা প্রকাশ কর এবং যা গোপন কর আল্লাহ তা জানেন।
১০০বল, নিকৃষ্ট ও ভালো জিনিস সমান নয়, যদিও নিকৃষ্টের প্রাচুর্য তোমাকে বিস্মিত করে। সুতরাং হে বুদ্ধিমানগণ, আল্লাহকে ভয় কর, যাতে তোমরা সফলকাম হও।
১০১হে মুমিনগণ, এমন বিষয় জিজ্ঞেস কোরো না যা প্রকাশ করা হলে তোমাদের কষ্ট দেবে। আর যদি কুরআন অবতীর্ণ হওয়ার সময় তোমরা তা জিজ্ঞেস কর, তবে তা তোমাদের কাছে প্রকাশ করা হবে। আল্লাহ তা ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ ক্ষমাশীল, সহনশীল।
১০২তোমাদের পূর্বে এক জাতি এসব বিষয় জিজ্ঞেস করেছিল, তারপর তারা তা নিয়ে কাফির হয়ে গিয়েছিল।
১০৩আল্লাহ বাহীরা, সায়েবা, ওয়াসীলা বা হাম নামে কোনো পশু নির্ধারণ করেননি, কিন্তু যারা কুফরি করেছে তারা আল্লাহর নামে মিথ্যা রচনা করে, আর তাদের অধিকাংশই বুঝে না।
পৃষ্ঠা ১২৪ / ৬০৪