এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-আরাফ

১৫৫

৩৮তিনি বলবেন, তোমাদের আগে যেসব জিন ও মানব জাতি গত হয়েছে তাদের সাথে জাহান্নামে প্রবেশ কর। যখনই কোনো জাতি প্রবেশ করবে, তখন সে তার সঙ্গী জাতিকে অভিশাপ দেবে, এমনকি যখন তারা সবাই সেখানে একত্র হয়ে যাবে, তখন তাদের পরবর্তীরা তাদের পূর্ববর্তীদের সম্পর্কে বলবে, হে আমাদের প্রতিপালক, এরাই আমাদের বিভ্রান্ত করেছিল, সুতরাং এদের জাহান্নামের দ্বিগুণ শাস্তি দাও। তিনি বলবেন, প্রত্যেকের জন্যই দ্বিগুণ, কিন্তু তোমরা জান না।

৩৯আর তাদের পূর্ববর্তীরা তাদের পরবর্তীদের বলবে, তবে আমাদের ওপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, সুতরাং তোমরা যা অর্জন করেছিলে তার শাস্তি আস্বাদন কর।

৪০নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং তার প্রতি অহংকার করেছে, তাদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতেও প্রবেশ করবে না, যতক্ষণ না সুচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে। আর এভাবেই আমি অপরাধীদের প্রতিফল দিয়ে থাকি।

৪১তাদের জন্য জাহান্নাম বিছানা এবং তাদের ওপরে থাকবে আচ্ছাদন। আর এভাবেই আমি জালিমদের প্রতিফল দিয়ে থাকি।

৪২আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে—আমি কোনো প্রাণের ওপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপাই না—তারাই জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে।

৪৩আর আমি তাদের অন্তরে যে বিদ্বেষ ছিল তা দূর করে দেব, তাদের নিচ দিয়ে নদী প্রবাহিত থাকবে। আর তারা বলবে, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের এর প্রতি হিদায়াত দিয়েছেন, আল্লাহ যদি আমাদের হিদায়াত না দিতেন তবে আমরা হিদায়াতপ্রাপ্ত হতাম না। নিশ্চয় আমাদের প্রতিপালকের রাসূলগণ সত্যসহ এসেছিলেন। আর তাদের ডেকে বলা হবে, এই জান্নাত তোমাদের উত্তরাধিকারে দেওয়া হলো, তোমরা যা করতে তার কারণে।

পৃষ্ঠা ১৫৫ / ৬০৪