এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-আরাফ

১৫৮

৫৮আর উত্তম ভূমি, তার প্রতিপালকের অনুমতিক্রমে তার উদ্ভিদ বের হয়, আর যা নিকৃষ্ট, তা সামান্যই বের হয়। এভাবেই আমি কৃতজ্ঞ সম্প্রদায়ের জন্য আয়াতসমূহ বিভিন্নভাবে বর্ণনা করি।

৫৯আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম, সে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত কর, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। নিশ্চয় আমি তোমাদের সম্পর্কে এক মহাদিনের শাস্তির ভয় করি।

৬০তার জাতির নেতারা বলল, নিশ্চয় আমরা তোমাকে স্পষ্ট বিভ্রান্তিতে দেখছি।

৬১সে বলল, হে আমার জাতি, আমার মধ্যে কোনো বিভ্রান্তি নেই, বরং আমি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে একজন রাসূল।

৬২আমি তোমাদের কাছে আমার প্রতিপালকের বার্তাসমূহ পৌঁছে দিই এবং তোমাদের হিতাকাঙ্ক্ষা করি, আর আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জান না।

৬৩তোমরা কি আশ্চর্য হচ্ছ যে, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের মধ্য থেকে একজন লোকের কাছে উপদেশ এসেছে, যাতে সে তোমাদের সতর্ক করতে পারে এবং তোমরা তাকওয়া অবলম্বন কর, যাতে তোমরা দয়াপ্রাপ্ত হও?

৬৪অতঃপর তারা তাকে মিথ্যাবাদী বলল, ফলে আমি তাকে ও তার সাথে যারা নৌকায় ছিল তাদের রক্ষা করলাম, আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল তাদের নিমজ্জিত করলাম। নিশ্চয় তারা ছিল অন্ধ জাতি।

৬৫আর আদ জাতির কাছে আমি তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম। সে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত কর, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তবুও কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না?

৬৬তার জাতির মধ্যে যারা কুফরি করেছিল তাদের নেতারা বলল, নিশ্চয় আমরা তোমাকে মূর্খতায় দেখছি, আর নিশ্চয় আমরা তোমাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি।

৬৭সে বলল, হে আমার জাতি, আমার মধ্যে কোনো মূর্খতা নেই, বরং আমি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে একজন রাসূল।

পৃষ্ঠা ১৫৮ / ৬০৪