এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-বাকারা

১৯

১২০আর ইহুদি ও খ্রিষ্টানরা তোমার প্রতি কখনো সন্তুষ্ট হবে না, যতক্ষণ না তুমি তাদের ধর্মমত অনুসরণ করো। বলো, নিশ্চয় আল্লাহর হিদায়াতই প্রকৃত হিদায়াত। আর তোমার কাছে জ্ঞান আসার পরও যদি তুমি তাদের কামনা-বাসনার অনুসরণ করো, তবে আল্লাহর মোকাবেলায় তোমার জন্য কোনো বন্ধু বা সাহায্যকারী থাকবে না।

১২১যাদের আমি কিতাব দান করেছি, যারা তা যথাযথভাবে পাঠ করে, তারাই তার প্রতি প্রকৃত ঈমান রাখে; আর যে তা অস্বীকার করে, তারাই ক্ষতিগ্রস্ত।

১২২হে বনী ইসরাঈল, আমার সেই নিয়ামত স্মরণ করো, যা আমি তোমাদের প্রতি দান করেছিলাম, আর এই যে, আমি তোমাদের বিশ্বজগতের ওপর মর্যাদা দিয়েছিলাম।

১২৩আর তোমরা সেই দিনকে ভয় করো, যেদিন কোনো ব্যক্তি অপর কারো কোনো উপকারে আসবে না, তার কাছ থেকে কোনো বিনিময় গৃহীত হবে না, কোনো সুপারিশ তার কাজে আসবে না এবং তারা কোনো সাহায্যও পাবে না।

১২৪আর স্মরণ করো, যখন ইবরাহীমকে তার প্রতিপালক কিছু বিধান দিয়ে পরীক্ষা করলেন, অতঃপর তিনি তা পূর্ণ করলেন। তিনি বললেন, নিশ্চয় আমি তোমাকে মানুষের জন্য নেতা বানাব। তিনি বললেন, আর আমার বংশধরদের মধ্য থেকেও? তিনি বললেন, আমার এই অঙ্গীকার জালিমদের প্রতি বর্তাবে না।

১২৫আর স্মরণ করো, যখন আমি এই ঘরকে মানুষের সমাবেশস্থল ও নিরাপত্তার স্থান করেছিলাম। আর তোমরা ইবরাহীমের দাঁড়ানোর স্থানকে নামাযের স্থানরূপে গ্রহণ করো। আর আমি ইবরাহীম ও ইসমাঈলকে নির্দেশ দিয়েছিলাম, তোমরা উভয়ে আমার ঘরকে তাওয়াফকারী, ইতিকাফকারী এবং রুকু-সিজদাকারীদের জন্য পবিত্র রাখো।

১২৬আর স্মরণ করো, যখন ইবরাহীম বলেছিলেন, হে আমার প্রতিপালক, এই শহরকে নিরাপদ করো, আর এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে তাদের ফলমূলের রিযিক দান করো। তিনি বললেন, আর যে কুফরি করে, আমি তাকেও কিছুকাল ভোগ করতে দেব, অতঃপর তাকে বাধ্য করব আগুনের শাস্তির দিকে; আর তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল।

পৃষ্ঠা ১৯ / ৬০৪