২২২
৬পৃথিবীতে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিযিকের দায়িত্ব আল্লাহর ওপর নয়; তিনি জানেন তার অবস্থানস্থল ও সংরক্ষণস্থল। সব কিছুই এক সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে।
৭আর তিনিই আকাশমণ্ডলী ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন, তখন তাঁর আরশ ছিল পানির ওপর, যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন কে তোমাদের মধ্যে কর্মে উৎকৃষ্ট। আর যদি তুমি বলো যে মৃত্যুর পর তোমাদের পুনরুত্থিত করা হবে, তবে কাফিররা অবশ্যই বলবে, এ তো স্পষ্ট জাদু ছাড়া কিছু নয়।
৮আর যদি আমি তাদের থেকে শাস্তি নির্দিষ্ট সময় পর্যন্ত বিলম্বিত করি, তবে তারা বলবেই, কিসে তা আটকে রেখেছে? জেনে রাখো, যেদিন তা তাদের কাছে আসবে তা তাদের থেকে ফেরানো যাবে না, আর যা নিয়ে তারা ঠাট্টা করত তা তাদের ঘিরে ফেলবে।
৯আর যদি আমি মানুষকে আমার পক্ষ থেকে কোনো অনুগ্রহ আস্বাদন করাই, অতঃপর তা তার থেকে কেড়ে নিই, তখন সে হতাশ ও অকৃতজ্ঞ হয়ে পড়ে।
১০আর যদি তার ওপর আপতিত দুর্দশার পর আমি তাকে সুখ আস্বাদন করাই, তবে সে অবশ্যই বলবে, আমার থেকে সকল দুঃখ দূর হয়ে গেছে; সে তখন উৎফুল্ল ও অহংকারী হয়ে পড়ে।
১১তবে যারা ধৈর্য ধারণ করে ও সৎকর্ম করে, তাদের জন্যই আছে ক্ষমা ও মহাপুরস্কার।
১২তুমি কি তবে তোমার প্রতি যা ওহি করা হয়েছে তার কিছু অংশ পরিত্যাগ করবে আর এতে তোমার অন্তর সংকুচিত হবে, কারণ তারা বলে, তার প্রতি কোনো ধনভাণ্ডার কেন অবতীর্ণ হলো না, অথবা তার সাথে কোনো ফেরেশতা কেন এলো না? তুমি তো কেবল একজন সতর্ককারী, আর আল্লাহই সব কিছুর তত্ত্বাবধায়ক।
পৃষ্ঠা ২২২ / ৬০৪