২৫২
১৯যে ব্যক্তি জানে যে তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা সত্য, সে কি তার সমান যে অন্ধ? কেবল বুদ্ধিমানরাই উপদেশ গ্রহণ করে।
২০যারা আল্লাহর সাথে করা অঙ্গীকার পূর্ণ করে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করে না,
২১আর যারা আল্লাহ যা সংযুক্ত রাখতে নির্দেশ দিয়েছেন তা সংযুক্ত রাখে, তাদের প্রতিপালককে ভয় করে এবং কঠোর হিসাবের ভয় রাখে,
২২আর যারা তাদের প্রতিপালকের সন্তুষ্টি লাভের আশায় ধৈর্য ধারণ করে, নামায কায়েম করে, আমি তাদের যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, আর মন্দকে ভালো দিয়ে প্রতিহত করে—তাদের জন্যই রয়েছে পরিণাম-নিবাসের কল্যাণ।
২৩তারা স্থায়ী জান্নাতে প্রবেশ করবে, আর তাদের পিতা-মাতা, স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্মশীল তারাও প্রবেশ করবে; আর ফেরেশতারা প্রতিটি দরজা দিয়ে তাদের কাছে প্রবেশ করবে,
২৪বলবে, তোমাদের ধৈর্যের কারণে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক; পরিণাম-নিবাস কতই না উত্তম!
২৫আর যারা দৃঢ় অঙ্গীকারের পর আল্লাহর সাথে করা অঙ্গীকার ভঙ্গ করে, আল্লাহ যা সংযুক্ত রাখতে নির্দেশ দিয়েছেন তা বিচ্ছিন্ন করে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে—তাদের জন্যই রয়েছে অভিশাপ এবং তাদের জন্যই রয়েছে নিকৃষ্ট পরিণতি।
২৬আল্লাহ যার জন্য ইচ্ছা রিযিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন। তারা পার্থিব জীবন নিয়ে উৎফুল্ল হয়, অথচ আখিরাতের তুলনায় পার্থিব জীবন সামান্য ভোগ-সামগ্রী মাত্র।
২৭যারা কুফরি করেছে তারা বলে, তার প্রতিপালকের পক্ষ থেকে তার ওপর কোনো নিদর্শন কেন অবতীর্ণ হলো না? বলো, নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যে তাঁর অভিমুখী হয় তাকে নিজের দিকে পথ দেখান।
২৮যারা ঈমান এনেছে এবং আল্লাহর স্মরণে যাদের হৃদয় প্রশান্ত হয়—জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি লাভ করে।
পৃষ্ঠা ২৫২ / ৬০৪