২৬৮
৭আর তারা তোমাদের ভার বহন করে এমন এক শহরে পৌঁছে দেয়, যেখানে তোমরা কষ্ট ছাড়া পৌঁছতে পারতে না। নিশ্চয় তোমাদের প্রতিপালক অতিশয় স্নেহশীল, পরম দয়ালু।
৮আর ঘোড়া, খচ্চর ও গাধা সৃষ্টি করেছেন, যাতে তোমরা সেগুলোতে চড়তে পার এবং শোভাস্বরূপও, আর তিনি এমন কিছু সৃষ্টি করেন যা তোমরা জান না।
৯সরল পথ দেখানো আল্লাহর দায়িত্ব, আর তার মধ্যে কিছু পথ বক্র রয়েছে। তিনি চাইলে তোমাদের সকলকে হিদায়াত দিতে পারতেন।
১০তিনিই আকাশ থেকে পানি বর্ষণ করেন, যা থেকে তোমরা পান কর এবং যা থেকে গাছপালা জন্মে, যাতে তোমরা তোমাদের পশু চরাও।
১১তিনি তা দিয়ে তোমাদের জন্য উৎপন্ন করেন শস্য, জলপাই, খেজুর গাছ, আঙুর এবং সব ধরনের ফলমূল। নিশ্চয় এতে চিন্তাশীল জাতির জন্য নিদর্শন রয়েছে।
১২আর তিনি তোমাদের জন্য বশীভূত করে দিয়েছেন রাত ও দিন, সূর্য ও চন্দ্র। আর নক্ষত্রসমূহও তাঁর নির্দেশে বশীভূত। নিশ্চয় এতে বোধশক্তিসম্পন্ন জাতির জন্য নিদর্শন রয়েছে।
১৩আর পৃথিবীতে তিনি তোমাদের জন্য যা বিভিন্ন রঙে সৃষ্টি করেছেন, তাতেও নিশ্চয় উপদেশ গ্রহণকারী জাতির জন্য নিদর্শন রয়েছে।
১৪আর তিনিই সমুদ্রকে বশীভূত করে দিয়েছেন, যাতে তোমরা তা থেকে সতেজ মাংস আহার করতে পার এবং তা থেকে অলংকার বের করতে পার যা তোমরা পরিধান কর। আর তুমি দেখতে পাও নৌযানগুলো পানি চিরে চলছে, আর যাতে তোমরা তাঁর অনুগ্রহ সন্ধান করতে পার এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।
পৃষ্ঠা ২৬৮ / ৬০৪