২৮৯
৬৭আর যখন সমুদ্রে তোমাদেরকে বিপদ স্পর্শ করে, তখন তাঁকে ছাড়া তোমরা যাদেরকে আহ্বান কর তারা সবাই হারিয়ে যায়, কিন্তু যখন তিনি তোমাদেরকে স্থলে উদ্ধার করেন, তখন তোমরা মুখ ফিরিয়ে নাও। আর মানুষ বড়ই অকৃতজ্ঞ।
৬৮তোমরা কি নিশ্চিন্ত হয়ে গেছ যে, তিনি তোমাদেরকে স্থলভাগেই ভূগর্ভে ধ্বসিয়ে দেবেন না, অথবা তোমাদের ওপর পাথর-বৃষ্টি প্রেরণ করবেন না, তারপর তোমরা তোমাদের জন্য কোনো অভিভাবক পাবে না?
৬৯নাকি তোমরা নিশ্চিন্ত হয়ে গেছ যে, তিনি তোমাদেরকে দ্বিতীয়বার সমুদ্রে ফিরিয়ে নেবেন না, তারপর তোমাদের ওপর প্রচণ্ড ঝড় প্রেরণ করবেন না এবং তোমাদের অকৃতজ্ঞতার কারণে তোমাদেরকে ডুবিয়ে দেবেন না? তারপর তোমরা এ ব্যাপারে আমার বিরুদ্ধে তোমাদের জন্য কোনো সহায়ক পাবে না।
৭০আর নিশ্চয় আমি আদম-সন্তানদেরকে মর্যাদা দান করেছি এবং তাদেরকে স্থলে ও সমুদ্রে বাহনে আরোহণ করিয়েছি, আর তাদেরকে পবিত্র বস্তু থেকে রিযিক দিয়েছি, আর আমার সৃষ্টির অধিকাংশের ওপর তাদেরকে বিশেষভাবে শ্রেষ্ঠত্ব দান করেছি।
৭১যেদিন আমি প্রত্যেক দলকে তাদের নেতাসহ আহ্বান করব, তখন যাকে তার লিপি ডান হাতে দেওয়া হবে, তারা তাদের লিপি পাঠ করবে এবং তাদের প্রতি সামান্যতম জুলুম করা হবে না।
৭২আর যে এই জগতে অন্ধ, সে আখিরাতেও অন্ধ থাকবে, বরং পথভ্রষ্টতায় আরও বেশি।
৭৩আর তারা তো তোমাকে প্রায় বিচলিত করেই ফেলেছিল সেই বিষয় থেকে যা আমি তোমার প্রতি ওহী পাঠিয়েছি, যাতে তুমি এর বিপরীত কিছু আমার নামে রচনা কর, আর তখন তারা তোমাকে অবশ্যই ঘনিষ্ঠ বন্ধুরূপে গ্রহণ করত।
৭৪আর আমি যদি তোমাকে দৃঢ় না রাখতাম, তবে তুমি প্রায় তাদের দিকে সামান্য কিছুটা ঝুঁকেই পড়তে।
৭৫তখন আমি তোমাকে জীবনের দ্বিগুণ শাস্তি এবং মৃত্যুর দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম, তারপর তুমি আমার বিরুদ্ধে তোমার জন্য কোনো সাহায্যকারী পেতে না।
পৃষ্ঠা ২৮৯ / ৬০৪