এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-কাহফ

২৯৪

৫এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই, আর তাদের পূর্বপুরুষদেরও ছিল না। তাদের মুখ থেকে বের হওয়া এ কথাটি কতই না ভয়ংকর! তারা শুধু মিথ্যাই বলছে।

৬সম্ভবত তুমি তাদের বিমুখতায় দুঃখে নিজেকে ধ্বংস করে ফেলবে, যদি তারা এই কথায় বিশ্বাস না করে।

৭নিশ্চয় আমি পৃথিবীর ওপর যা কিছু আছে তা তার শোভাস্বরূপ বানিয়েছি, যাতে তাদেরকে পরীক্ষা করি যে, তাদের মধ্যে কর্মে কে উত্তম।

৮আর নিশ্চয় আমি এর ওপর যা কিছু আছে তা এক ধূসর অনুর্বর মাটিতে পরিণত করে দেব।

৯তুমি কি মনে কর যে, গুহাবাসী ও রকীমের অধিবাসীরা আমার নিদর্শনগুলোর মধ্যে বিস্ময়কর ছিল?

১০স্মরণ কর, যখন যুবকেরা গুহায় আশ্রয় নিল, তখন তারা বলল, হে আমাদের প্রতিপালক, তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান কর এবং আমাদের বিষয়ে আমাদের জন্য সুব্যবস্থা কর।

১১তখন আমি বহু বছর ধরে গুহার মধ্যে তাদের কানে আবরণ দিয়ে দিলাম।

১২তারপর আমি তাদেরকে জাগ্রত করলাম, যাতে জানতে পারি, দুই দলের মধ্যে কারা তাদের অবস্থানকালের সময় সঠিকভাবে গণনা করতে পেরেছে।

১৩আমি তোমার কাছে তাদের বৃত্তান্ত যথাযথভাবে বর্ণনা করছি। নিশ্চয় তারা ছিল কয়েকজন যুবক, যারা তাদের প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, আর আমি তাদের হিদায়াত আরও বাড়িয়ে দিয়েছিলাম।

১৪আর আমি তাদের অন্তরকে দৃঢ় করেছিলাম, যখন তারা দাঁড়িয়ে বলেছিল, আমাদের প্রতিপালক আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রতিপালক, আমরা তাঁকে ছাড়া অন্য কোনো উপাস্যকে কখনও ডাকব না, তা করলে আমরা অবশ্যই এক চরম মিথ্যা কথা বলে ফেলব।

১৫এই আমাদের জাতি, তারা তাঁকে ছাড়া অন্য উপাস্য গ্রহণ করেছে, তারা এদের সম্পর্কে কোনো স্পষ্ট প্রমাণ নিয়ে আসে না কেন? সুতরাং যে ব্যক্তি আল্লাহর ওপর মিথ্যা রচনা করে, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে?

পৃষ্ঠা ২৯৪ / ৬০৪