এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-কাহফ

২৯৫

১৬আর যখন তোমরা তাদের থেকে এবং তারা আল্লাহকে ছেড়ে যাদের উপাসনা করে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছ, তখন গুহায় আশ্রয় নাও, তোমাদের প্রতিপালক তাঁর রহমত তোমাদের জন্য বিস্তৃত করবেন এবং তোমাদের বিষয়ে সহজ ব্যবস্থা করে দেবেন।

১৭আর তুমি দেখতে পেতে, সূর্য উদিত হলে তাদের গুহা থেকে ডান দিকে সরে যেত এবং অস্ত গেলে তাদেরকে ছেড়ে বাম দিকে চলে যেত, আর তারা ছিল তার এক প্রশস্ত স্থানে। এটি আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। আল্লাহ যাকে হিদায়াত দেন, সেই হিদায়াতপ্রাপ্ত, আর যাকে তিনি পথভ্রষ্ট করেন, তুমি তার জন্য কোনো পথপ্রদর্শক অভিভাবক পাবে না।

১৮আর তুমি মনে করতে তারা জাগ্রত, অথচ তারা নিদ্রিত ছিল, আর আমি তাদেরকে ডান দিকে ও বাম দিকে পাশ ফিরাতাম, আর তাদের কুকুর গুহার প্রবেশপথে তার দুই সামনের পা প্রসারিত করে রাখত। যদি তুমি তাদের ওপর উঁকি দিতে, তবে তুমি অবশ্যই তাদের থেকে পালিয়ে যেতে এবং তুমি অবশ্যই তাদের ভয়ে আতঙ্কিত হয়ে পড়তে।

১৯আর এভাবেই আমি তাদেরকে জাগ্রত করলাম, যাতে তারা পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করে। তাদের মধ্য থেকে একজন বলল, তোমরা কতদিন অবস্থান করেছ? তারা বলল, আমরা একদিন বা দিনের কিছু অংশ অবস্থান করেছি। তারা বলল, তোমাদের প্রতিপালকই ভালো জানেন তোমরা কতদিন অবস্থান করেছ। সুতরাং তোমাদের একজনকে তোমাদের এই রৌপ্যমুদ্রা দিয়ে শহরে পাঠাও, সে যেন দেখে কোন খাবার সবচেয়ে বিশুদ্ধ, তারপর সে যেন সেখান থেকে তোমাদের জন্য রিযিক নিয়ে আসে, আর সে যেন সতর্কতা অবলম্বন করে এবং তোমাদের সম্পর্কে কাউকে যেন কিছু জানতে না দেয়।

২০কেননা তারা যদি তোমাদের ব্যাপারে জেনে ফেলে, তবে তারা তোমাদেরকে পাথর মেরে হত্যা করবে অথবা তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নেবে, তখন তোমরা কখনও সফল হবে না।

পৃষ্ঠা ২৯৫ / ৬০৪