৩৩৩
৬এটা এজন্য যে, আল্লাহই সত্য, আর তিনিই মৃতকে জীবিত করেন, আর তিনি সবকিছুর ওপর সর্বশক্তিমান।
৭আর নিশ্চয় কিয়ামত আসবেই, তাতে কোনো সন্দেহ নেই, আর নিশ্চয় আল্লাহ কবরে যারা আছে তাদের উত্থিত করবেন।
৮আর মানুষের মধ্যে এমন কেউ কেউ আছে, যে জ্ঞান, পথনির্দেশ বা কোনো আলোকিত কিতাব ছাড়াই আল্লাহ সম্পর্কে বিতর্ক করে,
৯অহংকারভরে ঘাড় বাঁকিয়ে, যাতে সে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করতে পারে; তার জন্য পার্থিব জীবনে লাঞ্ছনা রয়েছে, আর কিয়ামতের দিন আমি তাকে জ্বলন্ত আগুনের শাস্তি আস্বাদন করাব।
১০এটা তোমার দুই হাত যা আগে পাঠিয়েছে তার কারণে, আর নিশ্চয় আল্লাহ বান্দাদের প্রতি অবিচারকারী নন।
১১আর মানুষের মধ্যে এমন কেউ কেউ আছে, যে প্রান্তে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে; অতঃপর যদি তার কোনো কল্যাণ হয়, তবে সে তাতে স্বস্তি পায়, আর যদি কোনো বিপদ আসে, তবে সে মুখ ফিরিয়ে নেয়; সে ইহকাল ও পরকাল উভয়ই হারায়; এটাই সুস্পষ্ট ক্ষতি।
১২সে আল্লাহকে ছেড়ে এমন কিছুকে ডাকে যা তার কোনো ক্ষতি বা উপকার করতে পারে না; এটাই চরম বিভ্রান্তি।
১৩সে এমন কাউকে ডাকে যার ক্ষতি তার উপকারের চেয়ে নিকটবর্তী; কতই না নিকৃষ্ট সেই অভিভাবক এবং কতই না নিকৃষ্ট সেই সঙ্গী!
১৪নিশ্চয় আল্লাহ যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত; নিশ্চয় আল্লাহ যা চান তাই করেন।
১৫যে মনে করে যে, আল্লাহ ইহকাল ও পরকালে তাকে কখনো সাহায্য করবেন না, সে আকাশে একটি রশি বেঁধে ঝুলে পড়ুক, অতঃপর তা কেটে দিক, তারপর দেখুক, তার এই কৌশল তার ক্রোধের কারণ দূর করতে পারে কিনা।
পৃষ্ঠা ৩৩৩ / ৬০৪