৩৪৬
৬০আর যারা যা দান করে তা দিয়ে থাকে, অথচ তাদের অন্তর ভীত-কম্পিত থাকে এ কারণে যে, তারা তাদের প্রতিপালকের কাছেই প্রত্যাবর্তনকারী,
৬১তারাই সৎকাজে দ্রুত অগ্রসর হয় এবং তারাই তাতে অগ্রগামী।
৬২আর আমি কাউকে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব দিই না; আর আমার কাছে এমন এক কিতাব রয়েছে, যা সত্য কথা বলে; আর তাদের প্রতি অবিচার করা হবে না।
৬৩বরং তাদের অন্তর এ বিষয়ে অজ্ঞতায় নিমগ্ন, আর তাদের এমন কিছু কাজও আছে যা তারা করেই যাচ্ছে।
৬৪অবশেষে যখন আমি তাদের বিলাসী নেতাদের শাস্তির কবলে ফেলব, তখন তারা আর্তনাদ করতে থাকবে।
৬৫"আজ আর্তনাদ কর না, নিশ্চয় তোমরা আমার পক্ষ থেকে কোনো সাহায্য পাবে না।"
৬৬"আমার আয়াতসমূহ তোমাদের কাছে তিলাওয়াত করা হত, তখন তোমরা পেছন ফিরে সরে যেতে,"
৬৭"অহংকার করে, রাতের আসরে তা নিয়ে কটূক্তি করতে।"
৬৮তারা কি এই বাণী নিয়ে চিন্তাভাবনা করেনি, নাকি তাদের কাছে এমন কিছু এসেছে যা তাদের পূর্বপুরুষদের কাছে আসেনি?
৬৯নাকি তারা তাদের রাসূলকে চিনতে পারেনি, ফলে তারা তাকে অস্বীকার করছে?
৭০নাকি তারা বলে, তার মধ্যে পাগলামি আছে? বরং সে তাদের কাছে সত্য নিয়ে এসেছে, আর তাদের অধিকাংশই সত্যকে অপছন্দ করে।
৭১আর যদি সত্য তাদের কামনার অনুসরণ করত, তবে আকাশমণ্ডলী, পৃথিবী এবং এতদুভয়ের মধ্যে যারা আছে সবাই বিশৃঙ্খল হয়ে যেত; বরং আমি তাদের কাছে তাদের উপদেশ নিয়ে এসেছি, অথচ তারা তাদের উপদেশ থেকে মুখ ফিরিয়ে রয়েছে।
৭২নাকি তুমি তাদের কাছে কোনো পারিশ্রমিক চাও? তোমার প্রতিপালকের পুরস্কারই উত্তম, আর তিনিই সর্বোত্তম রিযিকদাতা।
৭৩আর নিশ্চয় তুমি তাদের সরল পথের দিকেই আহ্বান করছ।
৭৪আর নিশ্চয় যারা আখিরাতে বিশ্বাস করে না, তারা সরল পথ থেকে বিচ্যুত।
পৃষ্ঠা ৩৪৬ / ৬০৪