এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-মুমিনূন

৩৪৮

৯০বরং আমি তাদের কাছে সত্য নিয়ে এসেছি, আর নিশ্চয় তারাই মিথ্যাবাদী।

৯১আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি এবং তাঁর সাথে অন্য কোনো উপাস্যও নেই; যদি তা থাকত, তবে প্রত্যেক উপাস্যই তার সৃষ্টি নিয়ে চলে যেত এবং একে অপরের ওপর প্রাধান্য বিস্তার করত; আল্লাহ তাদের বর্ণিত গুণাবলী থেকে পবিত্র-মহান।

৯২তিনি অদৃশ্য ও দৃশ্যমান সব বিষয়ে জ্ঞাত, সুতরাং তারা যা শরিক করে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে।

৯৩বল, "হে আমার প্রতিপালক, যদি তুমি আমাকে তাদের প্রতিশ্রুত বিষয় দেখাও,"

৯৪"হে আমার প্রতিপালক, তবে আমাকে যালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না।"

৯৫আর আমি তাদের প্রতিশ্রুত বিষয় তোমাকে দেখাতে অবশ্যই সক্ষম।

৯৬মন্দের জবাব দাও যা উত্তম তার দ্বারা; তারা যা বর্ণনা করে সে সম্পর্কে আমি ভালো জানি।

৯৭আর বল, "হে আমার প্রতিপালক, আমি শয়তানদের প্ররোচনা থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি।"

৯৮"আর হে আমার প্রতিপালক, আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি, যাতে তারা আমার কাছে না আসে।"

৯৯অবশেষে যখন তাদের কারও কাছে মৃত্যু উপস্থিত হয়, তখন সে বলে, "হে আমার প্রতিপালক, আমাকে ফিরিয়ে দাও,"

১০০"হয়তো আমি সৎকর্ম করতে পারব, যা আমি ছেড়ে এসেছি।" কখনো না, এটা তো কেবল একটি কথা, যা সে বলছে; আর তাদের সামনে এক অন্তরায় রয়েছে, যেদিন তাদের পুনরুত্থিত করা হবে সে দিন পর্যন্ত।

১০১অতঃপর যখন শিঙায় ফুৎকার দেওয়া হবে, তখন সেদিন তাদের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক থাকবে না এবং তারা একে অপরকে জিজ্ঞাসাও করবে না।

১০২অতঃপর যাদের পাল্লা ভারী হবে, তারাই সফলকাম।

১০৩আর যাদের পাল্লা হালকা হবে, তারাই নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে, তারা জাহান্নামে চিরকাল থাকবে।

১০৪আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে, আর তারা সেখানে বীভৎস চেহারায় থাকবে।

পৃষ্ঠা ৩৪৮ / ৬০৪