এই পৃষ্ঠা শুনুন — সূরা আন-নামল

৩৮১

৪৫আর আমি সামুদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই সালিহকে পাঠিয়েছিলাম, এই বলে যে, তোমরা আল্লাহর ইবাদত কর। অতঃপর তারা দুই দলে বিভক্ত হয়ে বিতর্কে লিপ্ত হলো।

৪৬তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা কেন কল্যাণের আগে অকল্যাণ তাড়াতাড়ি কামনা করছ? তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর না কেন, যাতে তোমরা দয়াপ্রাপ্ত হও?

৪৭তারা বলল, আমরা তোমাকে ও তোমার সঙ্গীদের অশুভ লক্ষণ মনে করছি। তিনি বললেন, তোমাদের লক্ষণ তো আল্লাহর কাছে নির্ধারিত; বরং তোমরা এমন এক সম্প্রদায় যাদের পরীক্ষা করা হচ্ছে।

৪৮আর সেই শহরে নয় ব্যক্তির একটি দল ছিল, যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত এবং সংশোধন করত না।

৪৯তারা বলল, তোমরা আল্লাহর নামে পরস্পর শপথ কর যে, আমরা রাতে তার ও তার পরিবারের ওপর আক্রমণ করব, তারপর তার অভিভাবককে বলব, আমরা তার পরিবারের হত্যাকাণ্ডে উপস্থিত ছিলাম না, আর আমরা নিশ্চয় সত্যবাদী।

৫০আর তারা এক চক্রান্ত করল, আর আমিও এক কৌশল অবলম্বন করলাম, অথচ তারা তা টেরও পেল না।

৫১সুতরাং লক্ষ কর, তাদের চক্রান্তের পরিণাম কেমন হয়েছিল—আমি তাদের ও তাদের সম্প্রদায়ের সবাইকে ধ্বংস করে দিয়েছি।

৫২তাদের জুলুমের কারণে তাদের ঘরবাড়ি এই যে জনশূন্য পড়ে আছে। নিশ্চয় এতে জ্ঞানী সম্প্রদায়ের জন্য একটি নিদর্শন রয়েছে।

৫৩আর যারা ঈমান এনেছিল এবং তাকওয়া অবলম্বন করত, আমি তাদের উদ্ধার করেছিলাম।

৫৪আর লূতের কথা স্মরণ কর, যখন তিনি তাঁর সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা কি জেনেশুনে অশ্লীল কাজ করছ?

৫৫তোমরা কি নারীদের বাদ দিয়ে যৌন কামনায় পুরুষদের কাছে গমন করছ? বরং তোমরা এক মূর্খ সম্প্রদায়।

পৃষ্ঠা ৩৮১ / ৬০৪