৩৮২
৫৬তখন তাঁর সম্প্রদায়ের জবাব এ ছাড়া আর কিছু ছিল না যে, তারা বলল, লূতের পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও; নিশ্চয় তারা অতি পবিত্রতা রক্ষাকারী লোক।
৫৭অতঃপর আমি তাঁকে ও তাঁর পরিবারকে উদ্ধার করলাম, তবে তাঁর স্ত্রী ছাড়া, আমি তাকে পিছনে থেকে যাওয়াদের অন্তর্ভুক্ত করেছিলাম।
৫৮আর আমি তাদের ওপর এক বৃষ্টি বর্ষণ করলাম; সতর্ককৃতদের জন্য তা কতই না নিকৃষ্ট বৃষ্টি!
৫৯বল, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আর শান্তি বর্ষিত হোক তাঁর মনোনীত বান্দাদের ওপর। আল্লাহ শ্রেষ্ঠ, নাকি তারা যাদের শরিক করে?
৬০নাকি তিনি, যিনি আসমান ও পৃথিবী সৃষ্টি করেছেন, আর তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর আমি তা দিয়ে সজীব, সুন্দর বাগান উদ্গত করেছি, যার বৃক্ষরাজি উদ্গত করার সাধ্য তোমাদের ছিল না? আল্লাহর সাথে কি অন্য কোনো উপাস্য আছে? বরং তারা এক সমপথ্যকারী সম্প্রদায়।
৬১নাকি তিনি, যিনি পৃথিবীকে বাসযোগ্য করেছেন, তার মাঝে নদীনালা স্থাপন করেছেন, তার জন্য পর্বতসমূহ স্থাপন করেছেন এবং দুই সমুদ্রের মাঝে অন্তরাল স্থাপন করেছেন? আল্লাহর সাথে কি অন্য কোনো উপাস্য আছে? বরং তাদের অধিকাংশই জানে না।
৬২নাকি তিনি, যিনি বিপদগ্রস্তের ডাকে সাড়া দেন যখন সে তাঁকে ডাকে, আর কষ্ট দূর করেন, আর তোমাদের পৃথিবীর প্রতিনিধি বানান? আল্লাহর সাথে কি অন্য কোনো উপাস্য আছে? তোমরা খুব সামান্যই উপদেশ গ্রহণ কর।
৬৩নাকি তিনি, যিনি স্থল ও সমুদ্রের অন্ধকারে তোমাদের পথ দেখান, আর যিনি তাঁর অনুগ্রহের পূর্বাভাসস্বরূপ বায়ু প্রেরণ করেন? আল্লাহর সাথে কি অন্য কোনো উপাস্য আছে? তারা যা শরিক করে তা থেকে আল্লাহ অনেক ঊর্ধ্বে।
পৃষ্ঠা ৩৮২ / ৬০৪